জাতীয় স্তরের প্রতিযোগিতা থেকে জোড়া সোনা জিতে বাড়ি ফিরেছিল দিন দুয়েক আগেই। তার পরই মর্মান্তিক পরিণতি। বহুতল আবাসনের ১৩ তলা থেকে পড়ে মৃত্যু হল নবম শ্রেণির ছাত্রী (School Student) প্রাচী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশনে। পরিবারের সঙ্গে রাজনগর এক্সটেনশনের একটি আবাসনে থাকত প্রাচী। সঞ্জয় নগরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে নবম শ্রেণিতে পড়ে। শুক্রবার রাত ৯টা নাগাদ আচমকাই আবাসনের বাসিন্দারা ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। কী হয়েছে, তা দেখতে বাইরে বেরিয়ে এসে তাঁরা দেখতে পান, আবাসন চত্বরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে প্রাচী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাচীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: হোটেলের খাবারে চুল, প্রতিবাদ করতেই অন্তঃসত্ত্বা পর্যটককে মারধরের অভিযোগ!


এই ঘটনা প্রসঙ্গে পরিবারের তরফে জানানো হয়েছে, ব্যালকনিতে শুকোতে দেওয়া জামাকাপড় তুলতে গিয়েছিল প্রাচী। সেই সময়ই কোনও ভাবে নীচে পড়ে যায় সে। তবে ঠিক কী ভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অসাবধানতাবশত পা পিছলে পড়ে গিয়েছিল, নাকি অন্য কোনও কারণে এই ঘটনা—তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার সময় ঘরের মধ্যে প্রাচীর বাবা সুরেশ চন্দ, মা, বোন এবং ঠাকুরদা-ঠাকুরমা বাড়িতেই ছিলেন। তাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার নেপথ্যের কারণ জানতে আবাসনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারীরা। 


এর মধ্যেই সামনে এসেছে প্রাচীর সাম্প্রতিক সাফল্যের কথা। মাত্র দু’দিন আগেই মহারাষ্ট্রের শিরডি থেকে জাতীয় স্তরের রোপ স্কিপিং প্রতিযোগিতায় অংশ নিয়ে বাড়ি ফিরেছিল সে। প্রতিযোগিতায় ‘ডাবল ডাচ পেয়ার ফ্রিস্টাইল’ এবং ‘ডাবল ডাচ সিঙ্গল ফ্রিস্টাইল’—দুই বিভাগেই সোনা জিতেছিল প্রাচী। জাতীয় স্তরে সাফল্যের পর পরিবারের আনন্দ কাটতে না কাটতেই নেমে এল শোকের ছায়া।