বিহারের (Bihar) বাঁকিপুর উপনির্বাচনে জয়। আর সেই জয়ের পর এবার কী রাজধানীতে সংগঠন বিস্তারের পথে জন সুরাজ  (Jan Suraaj) ? রবিবার দিল্লিতে প্রশান্ত কিশোরকে  (Prasant Kishor) সংবর্ধনা দেওয়ার আয়োজন ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বাঁকিপুরের জয় জন সুরাজের নির্বাচনী রাজনীতিতে প্রথম বড় সাফল্য। উপনির্বাচনে (By-Election)  বিজেপির (BJP)  নীরজ কুমারকে ১৯,৩২৪ ভোটে হারিয়ে বিধানসভায় প্রথমবারের মতো জায়গা করে নেয় দলটি। প্রশান্ত কিশোরের নিজেরও এটাই প্রথম নির্বাচনী জয়।

আরও পড়ুন: সিবিএসই-তে ফের বড় রদবদল, নতুন চেয়ারম্যান মনদীপ ভান্ডারি

এই জয়ের পরই বিহারের বাইরে সংগঠন বিস্তারের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দিল্লিতে (Delhi)  বসবাসকারী জন সুরাজ-সমর্থকদের একাংশ রাজধানীতে দলের একটি সাংগঠনিক উপস্থিতি তৈরির পক্ষে মত দিয়েছেন। রবিবারের অনুষ্ঠানে সেই প্রস্তাব প্রশান্ত কিশোরের সামনে তোলার কথা রয়েছে। তবে আপাতত কোনও নির্বাচনে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। জন সুরাজের কোর কমিটির সদস্য কুমার শান্তনুর বক্তব্য, দিল্লিতে দলের উপস্থিতি তৈরির বিষয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ রয়েছে। তবে রবিবারের অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য প্রশান্ত কিশোরকে বাঁকিপুরের জয়ের জন্য সংবর্ধনা দেওয়া। দিল্লিতে সংগঠন তৈরির সিদ্ধান্ত শেষ পর্যন্ত দলের নেতৃত্বই নেবে।

প্রসঙ্গত, ২০২৫-এর বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) ২৩৮টি আসনে প্রার্থী দিয়েও কোনও আসন জিততে পারেনি জন সুরাজ। সেই পরাজয়ের পর বাঁকিপুর উপনির্বাচনের জয় দলের কাছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হয়ে ওঠে। এবার সেই সাফল্যের পর রাজধানীতে সংগঠন বিস্তারের সম্ভাবনা নিয়ে নতুন করে নজর জন সুরাজের দিকে। অর্থাৎ, বাঁকিপুরের মাটি থেকে পাওয়া সাফল্যকে কি এবার দিল্লির রাজনীতিতে নিয়ে যেতে চাইছেন প্রশান্ত কিশোর? রবিবারের বৈঠকেই মিলতে পারে সেই প্রশ্নের পরবর্তী ইঙ্গিত।