মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে এবার একজোটে ময়দানে বিরোধী শক্তি। নির্বাচনে কারচুপি রুখতে এবার ময়দানে নামছেন মমতা, রাহুল, বেবিরা। ৩০ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। আর সেই বৈঠকে থাকতে পারেন মমতাও। রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

আরও পড়ুন: বৃদ্ধাশ্রমে কাম্বলি! ভিডিওতে কী জানালেন প্রাক্তন ক্রিকেটার

জ্ঞানেশ কুমার ইস্যুতে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির (M A Baby) সঙ্গেও ফোনে কথা বলেছেন মমতা। এর আগে মমতাকে চিঠি দিয়েছিলেন বেবি। সেই চিঠির জবাবও দিয়েছেন তৃণমূলনেত্রী। বেবির পাঠানো চিঠি তৃণমূলের পার্লামেন্টারি পার্টি অফিসে পৌঁছয় বলে জানান সাংসদ সৌগত রায়। চিঠিতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সমস্ত বিরোধী দলকে একযোগে লড়াইয়ের বার্তা দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক। পাশাপাশি, সম্ভব হলে বিরোধী দলগুলির একটি বৈঠক করার কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: রাজ্য পুলিশের একাধিক শীর্ষ আধিকারিককে বদলি নবান্নের, তালিকায় লালবাজারও

সূত্রের খবর, বেবির সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মমতা। ইতিমধ্যেই রাহুল-সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গিয়েছে। আর তার পরেই বৈঠকের জন্য ৩০ সেপ্টেম্বরকে বেছে নিয়েছে বিরোধী শিবির। এখন দেখার, দিল্লির বৈঠকে শেষ পর্যন্ত বিরোধী দলগুলির কী রূপরেখা তৈরি হয়।