পঞ্জাবের (Punjab) রাজনীতিতে ফের জোর জল্পনা! বিজেপির (BJP) সঙ্গে দূরত্ব বাড়ছে কি ক্যাপ্টেন অমরিন্দর সিংহের (Amarinder Singh)? দলের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Punjab Former Chief Minister) । তাঁর অভিযোগ, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পঞ্জাব নিয়ে তাঁর মতামত জানতে চায় না বিজেপি (BJP) নেতৃত্ব। অমরিন্দরের বক্তব্য, প্রায় ছয় দশক ধরে পঞ্জাবের রাজনীতিকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। কিন্তু রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁর অভিজ্ঞতাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাঁর মতে, দল চাইলে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা থেকে পরামর্শ নিতে পারে।
আরও পড়ুন: বিহার পেরিয়ে এবার দিল্লি? প্রশান্ত কিশোরকে সংবর্ধনা, নতুন অধ্যায়ের ভাবনায় জন সুরাজ
আর এই মন্তব্যের পরই সামনে এসেছে আরও বড় প্রশ্ন—তাহলে কি পুরনো দল কংগ্রেসে ফিরতে পারেন ‘ক্যাপ্টেন’? ২০২১ সালে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজের দল পঞ্জাব লোক কংগ্রেস তৈরি করেছিলেন অমরিন্দর। পরে ২০২২ সালে সেই দলকে বিজেপির সঙ্গে মিশিয়ে দেন তিনি। এবার তাঁর সাম্প্রতিক মন্তব্য ঘিরে ফের কংগ্রেসে ফেরার জল্পনা তৈরি হলেও, অমরিন্দর নিজেই জানিয়েছেন, আপাতত বিজেপি ছাড়ার কোনও সিদ্ধান্ত তাঁর নেই। অর্থাৎ, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ আছে—কিন্তু দলবদলের ঘোষণা নেই।
পঞ্জাব বিধানসভা (Punjab Assembly Election) ভোটের আগে ‘ক্যাপ্টেন’-এর এই অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন হিসাব। বিজেপির সঙ্গে অমরিন্দরের সম্পর্ক নিয়ে যখন নতুন করে প্রশ্ন উঠছে, ঠিক সেই আবহেই কয়েক সপ্তাহ আগে তাঁর প্রশংসা শোনা গিয়েছিল রাহুল গান্ধীর মুখে। Gen Z-র সঙ্গে Instagram-এর প্রশ্নোত্তর পর্বে রাহুলকে জিজ্ঞাসা করা হয়, বিজেপির কোন নেতাকে তিনি পছন্দ করেন। জবাবে প্রাক্তন পঞ্জাব মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহের নাম নেন লোকসভার বিরোধী দলনেতা।
রাহুল বলেন, অমরিন্দরের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। পাশাপাশি ভারতীয় সামরিক ইতিহাস সম্পর্কে অমরিন্দরের গভীর জ্ঞানের কথাও উল্লেখ করেন তিনি। কথার শেষে তাঁকে উদ্দেশ্য করে বলেন, ‘হ্যালো, আঙ্কল অমরিন্দর।’ অমরিন্দরের সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক অবশ্য দীর্ঘদিনের। অমরিন্দর নিজেই জানিয়েছেন, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে তিনি ছোটবেলা থেকেই চেনেন। তাঁদের বাবা রাজীব গান্ধী তাঁর সহপাঠী ও বন্ধু ছিলেন। ফলে রাজনৈতিক অবস্থান আলাদা হলেও ব্যক্তিগত সম্পর্ক অটুট রয়েছে বলে জানিয়েছেন তিনি।অতএব রাহুলের প্রশংসা, গান্ধী পরিবারের সঙ্গে পুরনো ব্যক্তিগত সম্পর্ক এবং বিজেপির সঙ্গে অমরিন্দরের সাম্প্রতিক অসন্তোষ—সব মিলিয়ে পঞ্জাবের রাজনীতিতে ‘ক্যাপ্টেন’কে ঘিরে জল্পনা তুঙ্গে।
















