অন-স্ক্রিন মার্কিং বা OSM ব্যবস্থা ঘিরে বিতর্কের মধ্যেই সিবিএসই-তে (CBSC) ফের বড়সড় প্রশাসনিক রদবদল। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান (Chairman) হিসেবে দায়িত্ব নিলেন ২০০১ ব্যাচের আইএএস আধিকারিক (IAS Officer) মনদীপ কে ভান্ডারি। কর্মীবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি (ACC) তাঁর নিয়োগে অনুমোদন দিয়েছে। ভারত সরকারের অতিরিক্ত সচিবের সমমর্যাদা ও বেতনক্রমে তাঁকে এই পদে নিয়োগ করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: বৃষ্টির ঘাটতি চরমে! খরা ঘোষণা করল মহারাষ্ট্র সরকার

মনদীপ ভান্ডারি এর (Mandeep Bhandari)  আগে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপালের প্রধান সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন। পাশাপাশি শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসেবেও কাজ করেছেন। পেশায় চিকিৎসক মনদীপ পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, চণ্ডীগড় এবং দয়ানন্দ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। প্রশাসনিক জীবনে কেন্দ্র এবং বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ডের অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ছিলেন মনদীপ। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রকেও যুগ্মসচিব পদে কাজ করেছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি ডেপুটি কমিশনার, অতিরিক্ত উন্নয়ন কমিশনার, অতিরিক্ত সচিব-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এই আইএএস আধিকারিক।

সিবিএসই-র শীর্ষ পদে গত কয়েক মাসে একাধিক পরিবর্তন হয়েছে। গত ২ জুন তৎকালীন চেয়ারম্যান রাহুল সিংহকে কৃষি মন্ত্রকে বদলি করা হয়। তাঁর জায়গায় চেয়ারম্যানের দায়িত্ব পান লোখাণ্ডে প্রশান্ত সীতারাম। একই সময়ে বোর্ডের সচিব হিমাংশু গুপ্তকে তাঁর মূল ক্যাডারে ফেরত পাঠিয়ে বরুণ ভরদ্বাজকে নতুন সচিব করা হয়। পরে ২ জুলাই লোখাণ্ডে প্রশান্ত সীতারামের হাতে চেয়ারম্যান পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ, চার মাসেরও কম সময়ে চেয়ারম্যান পদে একাধিক পরিবর্তনের পর এবার পূর্ণ সময়ের চেয়ারম্যান হিসেবে মনদীপ ভান্ডারির নিয়োগ হল।

এই রদবদলের সময়েই সামনে এসেছে সিবিএসই-র অন-স্ক্রিন মার্কিং ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ। ২০২৬ সালের বোর্ড পরীক্ষার উত্তরপত্র ডিজিটাল পদ্ধতিতে মূল্যায়নের ক্ষেত্রে স্ক্যানিংয়ের মান, প্রযুক্তিগত ত্রুটি এবং নম্বরের অসামঞ্জস্য নিয়ে শিক্ষক ও আধিকারিকদের একাংশ প্রশ্ন তুলেছিলেন। ফল প্রকাশের পরেও উত্তরপত্র সংক্রান্ত গরমিল, পোর্টালের প্রযুক্তিগত সমস্যা, অর্থপ্রদানে ব্যর্থতা এবং যাচাই ও পুনর্মূল্যায়নে দেরি নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের কাছ থেকে অভিযোগ আসে। বিতর্কের জেরে বিষয়টি খতিয়ে দেখতে প্রাক্তন কেন্দ্রীয় সচিব এস রাধা চৌহানের নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়। সেই আবহেই এবার সিবিএসই-র দায়িত্ব নিলেন দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন মনদীপ কে ভান্ডারি।