জীবনের ঝুঁকি নিয়ে প্রদর্শনী! রাজস্থানের ঝালাওয়াড়ে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় আগুনের কেরামতি দেখাতে গিয়ে বিপত্তি। শুক্রবার বিকেলে মঙ্গলপুরা চৌরাস্তায় চলছিল প্রদর্শনী। সেই সময় পেট্রল ভর্তি বোতল ও মাটির হাঁড়ি ব্যবহার করে খেলা দেখানোর সময় আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় এক প্রদর্শনকারী-সহ মোট চারজন অগ্নিদগ্ধ হন। আহতদের মধ্যে ঝালাওয়াড়ের বাসিন্দা রঘুবীর, নীতিন সিং ও বিনীত পোড়ওয়াল এবং পঞ্জাবের প্রদর্শনকারী চন্দন সরদার রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিন বিকেল সাড়ে ৩টে নাগাদ মঙ্গলপুরা চৌরাস্তার কাছে একটি ট্যাবলো যাওয়ার সময় আচমকাই আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। কিছুক্ষণের জন্য শোভাযাত্রা থমকে যায়।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, চন্দন সরদারের একটি হাত মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তিনি এখনও এসআরজি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর কিছুক্ষণের জন্য এলাকায় আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। পরে ফের শুরু হয় গণেশ বিসর্জনের আনুষ্ঠান। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি ঐতিহ্যবাহী আখড়ার সদস্যরা সেখানে বিভিন্ন কসরত দেখাচ্ছিলেন। সেই সময় পেট্রল ভর্তি বোতল থেকে ছড়িয়ে পড়া আগুন আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে ছিটকে যায়। আহত এক প্রদর্শনকারীর বয়ান অনুযায়ী, প্রদর্শনীর অংশ হিসেবে তাঁর এক সহকর্মী চোখ বন্ধ করে মাটিতে শুয়ে ছিলেন। অন্যরা নারকেল ও মাটির হাঁড়ি ভাঙার কসরত দেখাচ্ছিলেন। আচমকাই পিছন দিক থেকে আগুন ছড়িয়ে পড়ে। তাতেই তাঁর কান-সহ শরীরের কয়েকটি অংশ পুড়ে যায়। ঘটনাস্থলে থাকা লোকজন তাঁদের আগুনের থেকে সরিয়ে নিয়ে চিকিৎসার জন্য ঝালাওয়ার হাসপাতালে নিয়ে যান।
















