শরতের হাওয়া যেন ধীরে ধীরে কড়া নাড়ছে কলকাতার (Kolkata) আকাশে। রোদের ঝলকানি বাড়ার সঙ্গে বদলাচ্ছে শহরের আবহাওয়ার (Weather) মেজাজও। রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। সাম্প্রতিক বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পর এবার ভারী বৃষ্টির দাপট কমার ইঙ্গিত মিলছে। আগামী দিনে হালকা বৃষ্টি হলেও বড় কোনও দুর্যোগের আশঙ্কা আপাতত নেই।
বর্ষা এখনও পুরোপুরি বিদায় নেয়নি। তাই আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাতেও মাঝে মধ্যে দু- এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টি বা ঝড়ের কোনও আশঙ্কা নেই। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বিশেষ সতর্কতা জারি করা হয়নি।
এদিকে সমুদ্রের পরিস্থিতিও আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। বৃষ্টির সময় মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা জারি ছিল, শনিবারের পর তা তুলে নেওয়া হয়েছে। ফলে রবিবার থেকে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নতুন করে কোনও সতর্কবার্তা নেই।
যে নিম্নচাপের জেরে গত কয়েক দিন বাংলায় বৃষ্টি হয়েছে, সেটিও এখন অনেকটা দূরে সরে গিয়েছে। বর্তমানে সেটি মধ্যপ্রদেশ ও ছত্তীশগঢ়ের সীমান্তের কাছে রয়েছে এবং ক্রমেই দুর্বল হচ্ছে। রবিবারের মধ্যে আরও শক্তি হারিয়ে সেটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। তাই বাংলায় তার প্রভাবও আর বিশেষ পড়বে না। সব মিলিয়ে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমে এবার রোদ ওঠার সম্ভাবনাই বেশি।
















