অক্টোবরের প্রথম দিন থেকেই বাড়তে চলেছে ওয়াশিং মেশিন, এসি, টেলিভিশনের দাম! উৎসবের মরশুম শুরুর মুখে চিন্তার ভ্রুকুটি মধ্যবিত্তের কপালে। সূত্রের খবর, নিত্য প্রয়োজনীয় বৈদ্যুতিন সরঞ্জাম এবার আরও মহার্ঘ হতে চলেছে। প্রায় ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত খরচ বাড়তে চলেছে গ্রাহকদের!

সামনেই পূজো। অক্টোবরের ১০ তারিখ মহালয়া।দুর্গাপুজো- নবরাত্রি থেকেই দেশজুড়ে উৎসবের আমেজ। সাধারণত এই সময়ে চাহিদা বেশি থাকার কারণে এসি টিভি বা ওয়াশিং মেশিন প্রস্তুতকারক সংস্থা দামের ক্ষেত্রে ছাড় দেয়। কিন্তু এবার ব্যতিক্রম। কেন? অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তামা, ইস্পাত, খনিজ তেলের মতো জিনিসের দাম ক্রমাগত বাড়তে থাকা বৈদ্যুতিন যন্ত্রের মূল্য বৃদ্ধির অন্যতম বড় কারণ। পাশাপাশি পশ্চিম এশিয়ার সংঘর্ষ পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ডলারের নিরিখে কমছে টাকার দাম। এতে আমদানি খরচ বেড়েছে ভারতের। এসব কিছুর প্রভাব পড়েছে দেশের ঘরোয়া বাজারে। 

নির্মাণকারী সংস্থাগুলি বলছে, যেহেতু কাঁচামালের দাম বেড়েছে ,তাই তারা প্রতিবছর এই নিয়ে তৃতীয়বার বৈদ্যুতিন সরঞ্জামের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। ১ অক্টোবর থেকে ৫-৮ শতাংশ বাড়বে এসির দাম। অন্য দিকে, ৩-৪ শতাংশ পর্যন্ত ঊর্ধ্বমুখী হতে পারে ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর এবং এলইডি টিভির দর। ইতিমধ্যেই একাধিক কোম্পানি যেমন ব্লু স্টার, গোদরেজ অ্যাপ্লায়েন্স, হাইয়ার, ডাইকিন চার থেকে দশ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি করতে চলেছে বলে খবর। উৎসবের মরশুমে এই আচমকা মূল্যবৃদ্ধিতে বৈদ্যুতিন যন্ত্রপাতি কেনাকাটার উপর কতটা প্রভাব পড়বে সেটাই দেখান।