বৃহস্পতিবার সকালের কর্মব্যস্ততা শুরু হওয়ার আগেই কলকাতার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) বাড়িতে দুষ্কৃতী হামলা। আনুমানিক ভোর পাঁচটা নাগাদ কয়েকজন গুন্ডা ই এম বাইপাস লাগোয়া তাঁর পূর্বালোকের বাড়ির দিকে লক্ষ্য করে মদের বোতল, ইট এলোপাথাড়ি ভাবে ছুড়তে থাকে। প্রত্যেকেই মুখ ঢেকে এসে এই হামলা চালিয়েছে বলে বিকাশের অভিযোগ। অল্পের জন্য তাঁর কাজের সহায়িকা রক্ষা পেয়েছেন। পূর্ব যাদবপুর থানায় গিয়ে পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছেন বাম নেতা। বর্ষীয়ান আইনজীবীকে হুমকিও দেওয়া হয়েছে বলে খবর মিলেছে।


রাজ্যসভার প্রাক্তন সিপিএম সাংসদের বাড়িতে আক্রমণ করল কারা? বাম নেতার প্রাথমিক অনুমান, বিজেপির গুন্ডারা এই কাজ করেছে। বিকাশের বাড়ির সিসিটিভি ভেঙে দিয়ে এই হামলা করা হয়েছে যাতে পরিচয় প্রকাশিত না হয়। প্রাক্তন মেয়র বলেন, "গুন্ডারা এসেছিল মুখ ঢেকে, মোটর বাইকের নাম্বার প্লেট ঢেকে। খুব পরিকল্পিত আক্রমণ। এরা যদি সন্ত্রাসী না হয় তবে কারা? ওই সন্ত্রাসীরা জেনে রাখুক, আমাকে ভয় দেখানো যাবে না। এবার আমি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেব।" এদিন সকালে বিকাশের বাড়ির সামনে মদের বোতলের ভাঙ্গা টুকরো পড়ে থাকতে দেখা গিয়েছে। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে রেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।















