মহারাষ্ট্রের অমরাবতী জেলার সামরুদ্ধি হাইওয়েতে টেম্পোর সঙ্গে গাড়ির সংঘর্ষ, মৃত অন্তত ৭। বৃহস্পতিবার মধ্য রাতে দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া। অন্তত ১৯ জনের আহত হওয়ার খবর মিলেছে। কীভাবে দুর্ঘটনা ঘটলো, টেম্পো এবং গাড়ির গতিবেগ বেশি ছিল কিনা তা জানতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে আনুমানিক রাত পৌনে একটা নাগাদ বুলধানা জেলার শেগাঁও থেকে দুর্গা প্রতিমা নিয়ে বর্ধার দিকে যাচ্ছিল টেম্পো।ধমনগাঁও স্টেশনের কাছে উলটো দিক থেকে আসা একটি দ্রুত গতির গাড়ি সজোরে ধাক্কা মারলে কার্যত দুমড়ে মুচড়ে যায় টেম্পো। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শুক্রবার সকাল পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহতরা ধামাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: দেখে নিন কোন শহরে কত দাম পেট্রোল ডিজেলের

অমরাবতী গ্রামীণ পুলিশ সুপার (এসপি) নিকেতন কদম জানিয়েছেন আহতদের মধ্যে দু’একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ১৬-১৭ জনের আঘাত খুব একটা গুরুতর নয়। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করেছে। চালক নেশাগ্রস্ত ছিলেন কিনা তাও জানার চেষ্টা চলছে।