দেশের মানুষের নির্বাচনী অধিকার কেড়ে নেওয়া থেকে একাধিক কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যখন দেশ জুড়ে বিজেপি বিরোধী আন্দোলন তীব্র হচ্ছে, ঠিক তখন সব বিক্ষোভকে এক ছাতার তলায় নিয়ে আসতে এবার গান্ধী জয়ন্তীর পরের দিন জাতির জনকের কথা মনে করিয়ে 'সত্যাগ্রহ' নামে এক ডিজিটাল কর্মসূচির কথা ঘোষণা করলেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সংসদের ভেতরই হোক বা রাজপথে, চিঠির মাধ্যমে হোক বা অন্য কোনও মাধ্যমে যখনই আমার প্রয়োজন পড়বে পাশে গিয়ে দাঁড়াব। তাই নিজেদের অধিকার অর্জনের জন্য দেশের মানুষের যে লড়াই সেই সংক্রান্ত সব সমস্যা ও তথ্য এই পোর্টালে মিলবে।
শনিবার এই কর্মসূচির কথা ঘোষণা করে মহাত্মা গান্ধীর আদর্শ মনে করান লোকসভার বিরোধী দলনেতা। একজোট হয়ে সত্যের পাশে দাঁড়ানোর জন্য সকলকে অনুরোধ করেন। এক্স হ্যান্ডেলে হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট ও ভিডিও বার্তা প্রকাশ করে রাহুল জানান, সারাদেশ জুড়ে পরিকল্পিতভাবে সত্যের কণ্ঠরোধ করা হচ্ছে। শিক্ষার অনিয়ম হোক বা নারী সুরক্ষার প্রশ্ন, অনগ্রসর শ্রেণির ন্যায়বিচারের দাবি থেকে শুরু করে ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরোধীতায় ক্রমাগত পুঞ্জীভূত হতে থাকা জনক্ষোভ যাতে সুসংগঠিত রূপ পায় সেই কারণে এই ডিজিটাল কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। যাঁরা আক্রান্ত বা অন্যায়ের শিকার তাঁদের নিজেদের আন্দোলনের বিবরণ ওয়েবসাইটে নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস সাংসদ।
জ্ঞানেশ কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে দিল্লি, মুম্বই, পঞ্জাব, উত্তর প্রদেশ, কলকাতা, দেরাদুন জুড়ে লক্ষ লক্ষ মানুষ পথে নেমে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন। কয়েকমাস আগেই ককরোচ জনতা পার্টির নিট আন্দোলনে জেরে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। এবার জ্ঞানেশের পদত্যাগ চাইছে আমজনতা। কেন্দ্রের উপর চাপ বাড়াতে সাধারণ মানুষের নিজেদের অধিকার অর্জনের লড়াইকে সংঘবদ্ধ করতে এবার সত্যাগ্রহ পোর্টালে দেশের নাগরিকদের যুক্ত করতে চান রাহুল।















