ইতিহাসকে ফের বিবৃত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি একটি অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সিভিল সার্ভিস আধিকারিকদের অনু্প্রেরণা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নেতাজির প্রসঙ্গ টেনেছেন। মোদি বলেন, ১৯২০ সালে ব্রিটিশ শাসনের সময়ে সংস্কৃত ভাষায় আইসিএস পরীক্ষা দিয়েছিলেন নেতাজি৷ প্রধানমন্ত্রীর এই ভুল  তথ্যের বিরুদ্ধেই গর্জে উঠলেন নেতাজির বংশধর চন্দ্র কুমার বোস। 

 

সিভিল সার্ভিসের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, “একটা গ্যালারি দেখছিলাম যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর আইসিএস পরীক্ষা সংক্রান্ত পুরো তথ্যের উল্লেখ ছিল৷ সেই সময়ে দেশে ব্রিটিশ শাসন ছিল৷ সংস্কৃত ভাষায় পেপার হতো৷ নেতাজি সংস্কৃত ভাষাতেই পরীক্ষা দিয়েছিলেন৷”  ব্রিটিশ শাসনাধীন ভারতে একটা সরকারি পরীক্ষা কি সংস্ক-তে হওয়া সম্ভব এই প্রশ্নই যখন উঠছে তখনই সমাজ মাধ্যমে মোদির বক্তব্যের ভুল ধরিয়ে দিলেন স্বয়ং নেজাতির পরিবারের সদস্যই।

সমাজ মাধ্যমে মোদির নেতাজিকে নিয়ে করা ভুল মন্তব্যের ভিডিও পোস্ট করে চন্দ্র বোস লিখেছেন, “নেতাজি সুভাষচন্দ্র বোস সংস্কৃত, বাংলা, হিন্দি, জার্মান, ইংরেজি, উর্দু ও হিন্দুস্তানি ভাষা জানতেন। তিনি ভাষাবিদ হওয়া সত্ত্বেও 'ইন্ডিয়ান সিভিল সার্ভিস' পরীক্ষাটি ইংরেজিতেই দিয়েছিলেন, কারণ সেই পরীক্ষায় ইংরেজি ভাষাই ব্যবহৃত হতো। কে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এমন ভুল তথ্য দিয়েছেন, তা ভেবে অবাক হচ্ছি। ইতিহাসের ক্ষেত্রে এ ধরনের বিকৃতি এড়িয়ে চলা উচিত। জয় হিন্দ!”

 

 অতীতেও ইতিহাসের অনেক তথ্যই ভুল বলেছেন প্রধানমন্ত্রী, এবার নেতাজিকে নিয়েও গুরুত্বপূর্ণ ভুল বললেন মোদি। বাঙালি আবেগে শান দিতে বার বার নেতাজিকে হাতিয়ার করেন মোদি অমিত শাহরা। কিন্তু বাংলা ও বাঙালির মনন না বুঝে শুধু মাত্র ভুল তথ্য কি সেটা সম্ভব?

উল্লেখ্য, তরুণ প্রজন্মের আইএএসদের মোদি বার্তা দিয়েছেন, “দেশের সিভিল সার্ভিস আধিকারিকদের সামনে সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত ‘সবার আগে দেশ’ এবং ‘নাগরিক সবার আগে’ নীতি নিয়ে চলা৷”