জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখা বা LoC পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ার অভিযোগে আটক করা হল পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ১৭ বছরের এক কিশোরীকে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তৎপরতা।

সূত্রের খবর, গভীর রাতে নওশেরা এলাকার লাম সেক্টরে LoC-এর কাছে টহল দিচ্ছিল ভারতীয় সেনার একটি দল। সেই সময় LoC-এর বেড়ার আশপাশে সন্দেহজনক গতিবিধি নজরে আসে জওয়ানদের। সন্দেহ হওয়ায় তাঁরা জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর কাছে গিয়ে তল্লাশি করে জানা যায়, সন্দেহভাজন কোনও সশস্ত্র অনুপ্রবেশকারী নয়, বরং ১৭ বছরের এক কিশোরী। তাঁর বাড়ি পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের কুইরেট্টা এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ঘটনাস্থলেই সেনার তরফে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আরও বিস্তারিত যাচাই ও তদন্তের জন্য কিশোরীকে নওশেরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক জেরায় কিশোরীর দাবি, ইচ্ছাকৃতভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেননি তিনি। ভুলবশতই LoC পার হয়ে এপারে চলে এসেছে। তবে কিশোরীর এই দাবি কতটা সত্যি, তা খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলি। ঘটনাটি নিছক দুর্ঘটনাজনিত সীমান্ত পারাপার, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল—সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে LoC সংলগ্ন এলাকায় নিরাপত্তার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় কিশোরীর পরিচয়, গতিবিধি এবং ভারতে প্রবেশের পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। পুলিশ ও নিরাপত্তা সংস্থার তদন্তের পরই স্পষ্ট হবে, ঘটনাটি সত্যিই অনিচ্ছাকৃত সীমান্ত পারাপারের ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে।