রাস্তায় মায়ের সঙ্গে যাচ্ছিল পাঁচ বছরের শিশুটি। আচমকাই তাদের দিকে এগিয়ে এলেন মানসিক ভারসাম্যহীন  এক তরুণী। মুহূর্তের মধ্যে শিশুটিকে ধরে তিনি মারধর (Child Assult) করা শুরু করে দেন। মেয়েকে বাঁচাতে ছুটে এসেও পরিস্থিতি সামাল দিতে পারেননি মা। বরং তাঁকেও আক্রমণের চেষ্টা করা হয়। এমনই ঘটনা ঘটেছে অমৃতসরের (Amritsar) ধর্মপুরা এলাকায়। 

আরও পড়ুন: জরুরি কাজ, মহালয়ার দিন ইডেনের মেগা অনুষ্ঠানে আসছেন না মোদি!

ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই হাড়হিম করা ঘটনা। ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে (Viral Video)। সেই ভিডিওতে দেখা যায়, রাস্তা দিয়ে হাঁটছিল শিশুটি। তার কিছুটা পিছনে ছিলেন মা। আচমকাই শিশুটির মা দ্রুত এগিয়ে যেতে শুরু করেন এবং মেয়েকেও তাড়াতাড়ি আসতে বলেন। শিশুটিও পিছন ফিরে দ্রুত এগোতে থাকে। এরপরই এক মানসিক ভারসাম্যহীন তরুণী শিশুটির কাছে পৌঁছে তাকে ধরে মারধর করতে শুরু করে দেন। আচমকা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে শিশুটি। মেয়েকে বাঁচাতে ছুটে আসেন তার মা। তখন ওই তরুণী তাঁর দিকেও তেড়ে যান। তাতেই রাস্তার মধ্যে উল্টে পড়েন তিনি। এরপর ফের শিশুটির দিকে এগিয়ে যান ওই তরুণী এবং তাকে ধরে টানতে শুরু করেন।

ঘটনা দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা দ্রুত সেখানে পৌঁছে যান। তাঁরা শিশুটিকে ওই তরুণীর কাছ থেকে সরিয়ে আনেন। অভিযোগ, কিছুতেই শিশুটিকে ছাড়তে চাইছিলেন না ওই মহিলা। তাঁকে আটকাতে গেলে স্থানীয় কয়েকজনের সঙ্গেও বচসা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে শিশুটি। পরিবারের দাবি, ঘটনায় সে শারীরিক ভাবেও আঘাত পেয়েছে। এরপরই ওই তরুণীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার।

স্থানীয় বাসিন্দারাও ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের দাবি, অভিযুক্ত তরুণীর মানসিক চিকিৎসার প্রয়োজন থাকলে তার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে শিশুটির উপর হামলার ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ করা হোক। অভিযুক্ত তরুণীর আচরণ এবং ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা এখনও স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।