নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হতে চলেছে। আদর্শ আচরণ বিধি মেনে রবিবারই শেষ প্রচার। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে রোড শো ও পদযাত্রা করতে চলেছেন। সকাল থেকেই টেঙ্গুয়া মোড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজেপি কর্মী সমর্থকরাও জড়ো হতে শুরু করেছেন। সকাল ১১ টা নাগাদ নন্দীগ্রাম ১ ব্লকের টেঙ্গুয়া থেকে থানা মোড় পর্যন্ত ও বিকেলে নন্দীগ্রাম ২ ব্লকের রাজারামচক থেকে মিরের বাজার পর্যন্ত পদ্মপ্রার্থীর সমর্থনে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয়লাভ করার পর নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রের মধ্যে প্রথমটি ছেড়ে দেন শুভেন্দু। যে কারণে সেখানে উপনির্বাচনের ঘোষণা হয়। প্রয়াত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মাকে সেই কেন্দ্রে বিজেপি প্রার্থী করতেই প্রচারে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘুদের দিকেও বাড়িয়েছেন বন্ধুত্বের হাত। এবার শেষ দিনের প্রচারেও নন্দীগ্রামকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন শুভেন্দু। জোড়া কর্মসূচিতে কয়েক হাজার বিজেপি কর্মী ছাড়াও সাংসদ সৌমেন্দু অধিকারী-সহ একাধিক জনপ্রতিনিধি অংশ নেবেন বলে জানা গিয়েছে। এই কেন্দ্রের বিজেপি নেতারা দাবি করেছেন, সর্বকালীন রেকর্ড মার্জিনে হাসিরানি রথ জিতবেন। প্রার্থী নিজেও যথেষ্ট আত্মবিশ্বাসী। 

নন্দীগ্রামের পাশাপাশি রেজিনগর বিধানসভা কেন্দ্রের দিকেও বিশেষ নজর দিয়েছে বিজেপি। এই কেন্দ্রকে আদর্শ বিধানসভা করার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। এদিন সকাল থেকে বিজেপি প্রার্থী ও কর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন। মঙ্গলবারের উপনির্বাচনের কথা মাথায় রেখে রবিবার নন্দীগ্রাম ও রেজিনগরের বিভিন্ন প্রান্তে পুলিশের রুট মার্চ ও নাকা চেকিং চলছে। ভোট গণনা আগামী ৯ অক্টোবর।