খলিস্তানিদের নিশানায় ফের হিন্দু! আমেরিকায় আচমকাই হিন্দু মন্দিরের হামলার ঘটনা। মন্দিরের ভিতরে তখন পুজোর প্রস্তুতি চলছিল। ছিলেন পুরোহিত ও কয়েক জন ভক্ত (Devotees)। আচমকাই বাইরে থেকে ছোড়া হল ইট। আঘাতে ভেঙে চুরমার হয়ে গেল হিন্দু মন্দিরের (Hindu Temple) জানলার কাচ। ঘটনায় অভিযোগের তির খলিস্তানিদের দিকে। নবরাত্রির ঠিক আগে আমেরিকার (America) ওহাইওতে হিন্দু মন্দিরে এমন হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে।
আরও পড়ুন: স্যালাইন শেষ, হাত দিয়ে বেরোচ্ছে রক্ত! উত্তরপাড়া হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ
গ্রেটার ক্লিভল্যান্ডের রিচমন্ড হাইটস এলাকায় অবস্থিত শ্রী স্বামীনারায়ণ বডতালধাম হিন্দু মন্দিরে এই হামলার ঘটনা ঘটে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন জানিয়েছে, স্থানীয় সময় প্রায় দুপুর দেড়টা নাগাদ মন্দির লক্ষ্য করে ইট ছোড়া হয়। ঘটনায় মন্দিরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং জানলার কাচ ভেঙে যায়। হামলার সময় মন্দিরের ভিতরে পুরোহিত ও ভক্তরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছে উত্তর আমেরিকার হিন্দুদের সংগঠনও। স্বস্তির বিষয় এই ঘটনায় কেউ আহত হননি বলে খবর।
ঘটনার পর মন্দিরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন জানিয়েছে, মন্দিরের নজরদারি ক্যামেরার ফুটেজ রয়েছে এবং সেটি কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। তদন্তে সহায়তার জন্য সংগঠনটি এফবিআই এবং নাগরিক অধিকার সংক্রান্ত কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন ওহাইও-সহ আমেরিকার বিভিন্ন প্রান্তে হিন্দু সম্প্রদায় নবরাত্রির প্রস্তুতি নিচ্ছে। অক্টোবর মাসে হিন্দু ঐতিহ্য মাস পালনও শুরু হয়েছে। ফলে উৎসবের আবহে মন্দিরে হামলার ঘটনায় স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
আমেরিকায় হিন্দু ধর্মীয় স্থানে হামলা বা ভাঙচুরের অভিযোগ অবশ্য আগেও উঠেছে। উত্তর আমেরিকার হিন্দুদের সংগঠনগুলির নথিতে নিউ ইয়র্কের কুইন্সে ২০২২ সালে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনা, ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ার একটি স্বামীনারায়ণ মন্দিরে বিদ্বেষমূলক লেখা এবং ২০২৪ সালে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার কয়েকটি বিএপিএস মন্দিরে ভাঙচুরের ঘটনা রয়েছে। ২০২৫ সালেও ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের একটি বিএপিএস মন্দিরে বিদ্বেষমূলক বার্তা লেখার অভিযোগ উঠেছিল। প্রত্যেকটি ঘটনাতেই নাম জড়িয়েছিল খলিস্তানিদের। আর এবার ওহাইওতে হিন্দু মন্দিরে চলল হামলার ঘটনা।















