সাউথ পয়েন্ট স্কুলে (South Point School) সহপাঠীকে খুনের চেষ্টার অভিযোগে হামলাকারী ছাত্রকে সাতদিনের জন্য সাসপেন্ড (Suspend) করা হয়েছে। বৃহস্পতিবারই বিএনএস ১০৯-এর অধীনে থানায় এফআইআর দায়ের হয়। নাবালক হওয়ায় তাকে গ্রেফতার করা হবে না বলে জানানো হয়। তবে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির হতে হবে।
আপাতত পড়ুয়ার পরিবারকে স্কুল কর্তৃপক্ষের পক্ষ পেশাদার মনোবিজ্ঞানীর মাধ্যমে কাউন্সেলিং করানোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, আক্রান্ত পড়ুয়া এখনও বাইপাসের ধারের হাসপাতালে চিকিৎসাধীন। স্কুলের তরফে জানানো হয়েছে, অনেকটাই সুস্থ হয়ে উঠেছে সে। হাসপাতালে গিয়ে ওই আক্রান্ত ছাত্রের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। ঘটনার ঠিক কী ঘটেছিল, তা পুঙ্খানুপুঙ্খ জানতে চেয়েছেন পুলিশ আধিকারিকেরা।
আরও পড়ুন: সিজেপির আন্দোলন মঞ্চ কানায় কানায় পূর্ণ! বিশিষ্ট শিল্পীরাও তুললেন জ্ঞানেশ হটানোর আওয়াজ
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। নবম শ্রেণির দুই সহপাঠীর মধ্যে সামান্য বিষয় নিয়ে গোলমাল বাধে। অভিযোগ, অভিযুক্ত পড়ুয়ার বিরুদ্ধে শিক্ষকের কাছে অভিযোগ জানিয়েছিল আক্রান্ত ছাত্র। সেই আক্রোশেই অভিযুক্ত সহপাঠী এমন হাড়হিম কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে সামনে এসেছে। তবে মাত্র নবম শ্রেণিতে পড়া এক কিশোর কী ভাবে এমন ঠান্ডা মাথায় ইন্টারনেটে খুনের পদ্ধতি খুঁজে বের করল এবং স্কুলে ধারালো অস্ত্র নিয়ে ঢুকে সহপাঠীর উপরে ঝাঁপিয়ে পড়ল, তা ভেবে শিউরে উঠছেন শিক্ষক ও অভিভাবকদের অনেকেই। অল্পবয়সিদের এমন অপরাধপ্রবণ মানসিকতা নিয়ে শিক্ষা মহলেও তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।















