পালাবদলের পর রাজ্যজুড়ে কার্যত সঙ্কটে নারী সুরক্ষা (Women Security) ! ভারত-ব্রাজিল ফুটবল ম্যাচ (India-Brazil Match)  ঘিরে কলকাতায় (Kolkata) তখন উৎসবের আবহ। ম্যাচ দেখতে দেশ-বিদেশ থেকে শহরে এসেছিলেন বহু মানুষ। তাঁদেরই মধ্যে ছিলেন নাগাল্যান্ডের (Nagaland) দিমাপুরের দুই মহিলা। কিন্তু খেলা শেষে হোটেলে ফেরার পরই ঘটে বিপত্তি। কলকাতার একটি নামী পাঁচতারা হোটেলের লবিতে ওই দুই মহিলাকে আপত্তিকরভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মাঝরাতের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে প্রগতি ময়দান থানার পুলিশ (Maidan Police Station)।

আরও পড়ুন: যন্তর মন্তরে ‘পুলিশি রাজ’! সাংবাদিক নিগ্রহের অভিযোগে অমিত শাহকে নিশানা রাহুলের

পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ঘটনাটি ঘটে। অভিযোগকারিণীর দাবি, তিনি এবং নাগাল্যান্ডের আরও এক মহিলা হোটেলের লবিতে ব্রাজিল ফুটবল দলের (Brazil Football) সদস্যদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের দু’জনকে আপত্তিকরভাবে স্পর্শ করেন। ঘটনায় তাঁদের শ্লীলতাহানি হয়েছে বলে দাবি করেন তাঁরা। এরপরই প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তাঁদের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তে নেমে হোটেলের লবিতে থাকা CCTV ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। অভিযোগকারিণীকে CCTV ফুটেজ দেখানো হয় এবং তিনি অভিযুক্তকে শনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে।

অভিযুক্তের গতিবিধি অনুসরণ করে হোটেলের একটি ঘর থেকে তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়। ধৃতের নাম পলাশ রায়, বয়স ৫৬ বছর। পুলিশ জানিয়েছে, তিনি উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা। ফুটবল ম্যাচ ঘিরে কলকাতায় উৎসবের আবহের মধ্যেই নামী পাঁচতারা হোটেলের লবিতে এই অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই উঠছে নিরাপত্তা নিয়েও প্রশ্ন। গোটা ঘটনার আরও কোনও দিক রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, কলকাতার মতো শহরের একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে হেনস্থার অভিযোগের ঘটনা সামনে আসতেই নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রশ্ন শুধু একটি ঘটনার নয়, প্রশ্ন আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও। বিজেপি সরকার যদি নারী নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার দাবি করে, তাহলে এমন অভিযোগের ক্ষেত্রে প্রশাসনের প্রতিরোধমূলক ব্যবস্থা কতটা কার্যকর—সেটিই এখন বড় প্রশ্ন। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে হোটেল, রেস্তরাঁ বা বিনোদনকেন্দ্র—নিরাপত্তার আওতার বাইরে কোনও জায়গাই থাকার কথা নয়; বিশেষ করে যখন শহরে চলছে ভারত বনাম ব্রাজিলের হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ।