ব্রাজিল ম্যাচ অতীত। মঙ্গলে ভারতীয় দলের মিশন উরুগুয়ে। ব্রাজিলের মতো শক্তিশালী না হলেও দু বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে ভারতের কাছে কঠিন প্রতি্পক্ষ।  ফিফা র‌্যাঙ্কিংয়ে ২০ নম্বরে থাকা উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে অনেক বেশি সতর্ক ভারতের চিফ কোচ খালিদ জামিল। 

ব্রাজিলের বিরুদ্ধে চার গোলের পরাজয় ভুলে সামনে তাকাতে চাইছে ভারত। দু দিনের মধ্যেই আরও একটা কঠিন ম্যাচ খেলতে হচ্ছে গুরপ্রীত-মনবীরদের। কিন্তু তাতে খুব বেশি সমস্যা দেখছেন না খালিদ। তাঁর কথায়,  “দু’দিনের ব্যবধানেও খেলতে আমাদের সমস্যা নেই। এখনকার ফুটবলাররা জানে কীভাবে রিকভারি করতে হয়। ওরা অনেক বেশি পরিণত, অনেক বেশি অভিজ্ঞ,।”

শেষ ম্যাচ থেকে শিক্ষা নেওয়ার প্রসঙ্গে খালিদ বলেন, “শেষ ম্যাচে আমাদের মনঃসংযোগের অভাব ছিল। এই ম্যাচে প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত মনঃসংযোগ রাখতে হবে। ভালো ফল করতে হলে সেই বিশ্বাসটাও থাকতে হবে।”

ব্রাজিল না হলেও উরুগুয়েও যে শক্তিশালী দল সেটা আর বলার অপেক্ষা রাখে না।  দলে রয়েছেন দুর্দান্ত সব ফুটবলার। শুধু আক্রমণ নয়, রক্ষণেও যথেষ্ট শক্তিশালী দল উরুগুয়ে।এই প্রসঙ্গে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে খালিদ বলেন, ‘‌ব্রাজিল শক্তিশালী প্রতিপক্ষ ছিল। উরুগুয়ে তুলনায় কিছু কম নয়।আমাদের খুব সাবধানে খেলতে হবে। প্রথম দিকে গোল খাওয়া যাবে না। একটা ভুলও আমাদের খুব বড় ক্ষতি করতে পারে। এই ম্যাচকে কোনও ভাবেই হালকা ভাবে নেওয়া যাবে না। বরং ওরা অনেক বেশি আগ্রাসী মনোভাব নিয়ে আমাদের বিরুদ্ধে জিততে ঝাঁপাবে।

প্রতিপক্ষ দলের কোচই সবথেকে বড় তারকা।  উরুগুয়ের কিংবদন্তি কোচ দিয়েগো ফোরলান সম্পর্কেও যথেষ্ট শ্রদ্ধাশীল খালিদ। তিনি বলেন, প্রতিপক্ষ শুধু শক্তিশালী নয়ই একইসঙ্গে দলে মানসম্পন্ন ফুটবলার রয়েছে। ওদের কোচও অন্যতম সেরা। সব দিক থেকেই আমাদের সতর্ক থাকতে হবে।”

ভারতীয় দলের সাইডব্যাক আকাশ মিশ্রর গলাতেও এক সুর। বলেন, ‘‌ পানামা ম্যাচ ড্র করার পর ব্রাজিল ম্যাচে ৪ গোল হজমে মন খারাপ ছিল আমাদের সকলের। সেটা কাটিয়ে উঠে উরুগুয়ে ম্যাচে সেরা দিতে তৈরি। উরুগুয়ের ক্ষমতা জানা। ব্রাজিল ম্যাচে যে ভুলগুলো হয়েছে, সেগুলোর পুনারাবৃত্তি চাই না।’‌

পানামা ম্যাচ ড্র করেছে ভারত। সেটাই বাড়তি মোটিভেশন উরুগুয়ের বিরুদ্ধেও। তবে উরুগুয়ে দল শারীরিক ফুটবল খেলে সেটা থেকে সাবধান থাকতে হবে সাহাল-আপুইয়াদের।