ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন হরমনপ্রীত কৌর। এশিয়ান গেমসে সোনা জয়ের পর সরে দাঁড়ানোর ঘোষণা করলেন ৩৭ বছর বয়সী হরমনপ্রীত। ২০১৬ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব দিয়ে হরমনপ্রীতের নেতৃত্ব যাত্রা শুরু হয়, যা পরবর্তীতে ২০২২ সালে ওডিআই এবং ২০২৩ সালে তিন ফরম্যাটেই পূর্ণাঙ্গ রূপ পায়। অধিনায়ক হিসেবে জিতেছেন একদিনের বিশ্বকাপ ।নতুন অধিনায়ক হতে পারেন স্মৃতি মান্ধানা।
অধিনায়কত্ব ছাড়ার পর সমাজ মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন হরমনপ্রীত। লিখেছেন, ‘ভারতীয় মহিলা দলের অধিনায়কের দায়িত্ব ছাড়লাম আজ থেকে। সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না। বহু বছরের স্মৃতি, আবেগ, আত্মত্যাগ জড়িয়ে রয়েছে। এই দল এবং ভারতের মহিলা ক্রিকেটের জন্য আমি সর্বস্ব দিয়েছি। নিজের খেলার সঙ্গেও আপোস করেছি অধিনায়ক হিসাবে। মনে করেছি, সবার আগে দল। তাই নিজের চাওয়া-পাওয়াকে অগ্রাহ্য করেছি।’
কেরিয়ারের সেরা সময়ে থেকে কেন নেতৃত্ব ছাড়লেন হরমনপ্রীত, এখানেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। রোহিত শর্মার মতোই সরলেন হরমনপ্রীতও। জানা গিয়েছে, গুয়াহাটিতে বিসিসিআই-এর একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক হয়। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার সভাপতিত্বে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং প্রধান কোচ অমোল মজুমদার। সাম্প্রতিক সময়ে দলের সামগ্রিক অগ্রগতি ও পারফরম্যান্স মূল্যায়নের পর যৌথভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্ভবত স্মৃতিই পূর্ণ সময়ের অধিনায়ক হবেন। অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ায় এবার থেকে হরমনপ্রীত স্ট্র্যাটেজি নিয়ে চুলচেরা বিশ্লেষণের বাড়তি চাপ থেকে মুক্তি পাবেন এবং পুরোপুরি নিজের বিধ্বংসী ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারবেন। এর পাশাপাশি আসন্ন টুর্নামেন্টগুলির আগে নতুন স্ট্র্যাটেজির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জাতীয় দলও পর্যাপ্ত সময় ও সুযোগ পাবে।















