দিল্লি ক্যাপিটালসের নতুন হেড কোচের পদে নিযুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের। দিল্লি দলের সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত মহারাজ। এবার ভারতের মাটিতে কোচিং ইনিংস শুরু করছেন দাদা।
এর আগে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচিং করিয়েছেন। দলকে ফাইনালে তুলেছিলেন। তবে চ্যাম্পিয়ন করাতে পারেননি। এবার কেএল রাহুলদের কোচিং করাবেন মহারাজ। মঙ্গলবার দুপুরে দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে ভিডিও পোস্ট করে জানিয়ে দেওয়া হল আসন্ন আইপিএলে দলের কোচিংয়ের দায়িত্বে থাকবেন সৌরভই।
দিল্লি টিমের কর্ণধার জেএসডব্লিউয়ের পার্থ জিন্দাল সৌরভের অত্যন্ত ঘনিষ্ঠ। এক সময়ে সৌরভ দিল্লি টিমের মেন্টর ছিলেন। এখনও জেএসডব্লিউ-র ক্রিকেট ডিরেক্টর সৌরভই। তবে শেষ আইপিএলে অবশ্য মেন্টর হয়েছিলেন কেভিন পিটারসেন। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছয় নম্বরে ছিল দিল্লি।
বিগত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল সৌরভ দিল্লি ক্য়াপিটালসের কোচ হতে পারেন। কিন্তু সিএবি সভাপতি একাধিক কাজে ব্যস্ত থাকায় বিষয়টি ফাইনাল হচ্ছিল না। বিশেষ করে বিগ বসের শুটিং নিয়ে তাঁর ব্যস্ততা। অবশেষে পুজোর আগেই চলে এল সুখবর। আইপিএলের ডাগ আউটে এর আগেও তাঁকে দেখা গিয়েছে, এবার বসছেন কোচের হটসিটে। এবার চর্চা শুরু হয়েছে তাঁর সহকারী কে বা কারা হবেন, এই তালিকায় নাম আছে যুবরাজ সিংয়ের।
আগামী ডিসেম্বরে মিনি নিমাল অনুষ্ঠিত হবে। কোচ সৌরভের প্রথম কাজ দলের ফাঁক ফোকোর ভরাট করে শক্তিশালী স্কোয়াড তৈরি করা। আইপিএলে ভালো দল গড়েও আশানরূপ পারফরম্যান্স করতে পারছে না দিল্লি। এবার সৌরভের সামনে নয়া চ্যালেঞ্জ।















