বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনেছেন মেসি। এই ম্যাচে তিনি গোল করেছেন এবং করিয়েছেন। তাঁর শেষ ম্যাচের আগে ও পরে দেশ বিদেশের একাধিক তারকা পোস্ট করে বিশেষ বার্তা দিয়েছেন। খেলার মাঠে তারা চির প্রতিন্দ্বন্দ্বী। কিন্তু মেসির আন্তর্জাতিক কেরিয়ারের    বিদায়বেলায় পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবেগঘন বার্তা দিলেন। বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্টালে বেনিনের বিরুদ্ধে বিদায়ী ম্যাচ খেলার পর মেসি আর্জেন্টিনার জার্সি তুলে রাখেন। মেসি নিজের এই অবিস্মরণীয় যাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। রোনাল্ডো সেই পোস্টের নিচেই কমেন্ট করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

মেসির অবসরের পর আবেগপ্রবণ বার্তা দিয়েছেন  সিআরসেভেন। রোনাল্ডো লিখেছেন, “লিও, এত বছর ধরে তুমি তোমার দেশের জন্য লড়ে গিয়েছো। যে কাহিনি ফুটবল লোকগাথায় স্থান পাবে। তোমার প্রতি সহস্র সম্মান থাকল আমার পক্ষ থেকে। তুমি আর্জেন্টিনার হয়ে যা করে দেখিয়েছো, অতুলনীয়। তোমাকে অনেক ভালোবাসা লিও।” 

শেষ ম্যাচে স্টেডিয়ামে নীল-সাদায় মেসির শেষ ম্যাচে হাজির ছিলেন মা সেলিয়া, স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো, তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরো। কেঁদে ফেললেন মেসি। ফুটবল বিশ্বের চোখে ভাসছে কিংবদন্তীর বিশ্বকাপ ট্রফিতে চুম্বনের সেই মুহূর্ত, কতটা গভীর ভালোবাসা থাকলে এভাবেই আঁকড়ে ধরা যায় বহু প্রতীক্ষিত সফলতাকে। 

আর্জেন্টিনার জার্সিতে ১২৬ তম গোল করে থামলেন মেসি। শেষ ম্যাচেও গোল করলেন , গোল করিয়ে মেসি বুঝিয়ে দিলেন তিনি এখনও সেরা। ৭১ মিনিটের মাথায় এল প্রতীক্ষিত মুহূর্ত। পেনাল্টি থেকে জালে বল জড়ালেন মেসি। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নয়নের মণির বাঁ পায়ের জাদু বজায় রইল গোটা ম্যাচ জুড়ে। ম্য়াচ শেষে মেসি লিখেছেন, 'গতকাল আমার শেষ ম্যাচ ছিল। এখনই নীল-সাদা জার্সিটাকে মিস করতে শুরু করেছি। তবে আমি জানি, একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছি। এই রাস্তাটা অবিশ্বাস্য। আনন্দ পেয়েছি, পাশাপাশি দুঃখও ছিল। কিন্তু যে দীর্ঘ পথ পেরিয়ে এসেছি, তার প্রতিটা পদক্ষেপই সার্থক।'