৫ কোটি টাকার বিনিময়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের ( Premanand Maharaj ) আশ্রমে গিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা। এই অভিযোগ তুলেছিলেন  শ্রীকৃষ্ণ জন্মভূমি সংগ্রাম ন্যাসের সভাপতি ফলাহারি মহারাজ। এই অভিযোগ নিয়ে চর্চা শুরু হতেই বিবৃতি দেওয়া হল বিরাট কোহলির মুখপাত্রের পক্ষ থেকে।

ভারতীয় ক্রিকেটারের মুখপাত্রের তরফে জানানো হয়েছে, আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের প্রতি গভীর বিশ্বাস ও শ্রদ্ধা থেকেই তাঁর আশ্রমে যান বিরাট। স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মাকেও সঙ্গে নিয়ে একাধিকবার বৃন্দাবনের ওই আশ্রমে গিয়েছেন তিনি।

যাবতীয়  অভিযোগের জবাবে কোহলির মুখপাত্র বলেন, ‘ফলাহারী মহারাজ দিনেশ শর্মা যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং তথ্যগত ভাবে ভুল।বিরাট কোহলি শুধুমাত্র নিজের গভীর বিশ্বাস এবং মহারাজজির প্রতি শ্রদ্ধার কারণেই তাঁর কাছে যান।’’

সম্প্রতি প্রেমানন্দ মহারাজের রাধা কেলি কুঞ্জ আশ্রমের এক শিষ্যা রসিক দুলারির রহস্যজনক মৃত্যুর পরই এই বিতর্কের সূত্রপাত।। এরইমধ্যে চাঞ্চল্যকর তথ্য দে ফলাহারি মহারাজ। তিনি দাবি করেছিলেন, রাজস্থানের একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত কয়েক জন ব্যক্তি বিরাট কোহলিকে আশ্রমে আনার জন্য ৫ কোটি টাকা খরচ করেছিলেন বা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ( ফলাহারি মহারাজের দাবির সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) এরপরই খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে।  কিন্ত এই খবরের সত্যতা সংক্রান্ত কোনও নথি, ব্যাঙ্ক আকাউন্ট সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। 

গত কয়েক বছর ধরেই এই তারকা দম্পতি নিয়মিতভাবে প্রেমানন্দ মহারাজের সৎসঙ্গে যোগ দেন। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের আশ্রমে যান। সেখানে তাঁরা সন্ত প্রেমানন্দ মহারাজের  দর্শন করেন এবং তাঁর আশীর্বাদ নেন। সেখানে ৩০ মিনিট ছিলেন তারা, তাদের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।