৯/১১-এর মতো বিপর্যয় আটকে দেশ তথা গোটা বিশ্বের কাছে 'সত্যিকারের হিরো' হয়ে উঠেছেন ফ্লাই দুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছার (Smit Machchhar)। তবে সম্পূর্ণ রক্তাক্ত অবস্থায় যাত্রীবাহী বিমানের সফল অবতরণ করালেও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ছুরির আঘাতে মাথা ও হাতে এতটাই গভীর ক্ষত ছিল যে মনে হয়েছিল অঙ্গ বিচ্ছিন্ন করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে চিকিৎসকদের। তবে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল ফ্লাই দুবাইয়ের (Fly Dubai) ভারতীয় পাইলট। যদিও সরকারিভাবে ক্যাপ্টেনের পূর্ণাঙ্গ মেডিক্যাল রিপোর্টের আপডেট এখনও আসেনি। রিয়াধের ভারতীয় দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ রাখছে।
দুবাই থেকে তেল আভিভ রওনা হয়েও মাঝ আকাশে রুট পরিবর্তিত হয় ফ্লাই দুবাইয়ের এফ জেড ১০৭৩ বিমানের। বাইরে থেকে যখন হাইজ্যাকের আশঙ্কা করা হচ্ছে ককপিটের ভিতরে তখন রক্তারক্তি পরিস্থিতি। ১৮০ জন আরোহী ছিল বিমানে। আচমকা কো পাইলট এভাবে হামলা করবেন তা ভাবতে পারেননি স্মিত। ক্যাপ্টেন এর অবস্থার বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শী এক চিকিৎসক যাত্রী (ইজরায়েলের ডেন্টিস্ট মুসায়েভ শোটা) জানিয়েছেন, স্মিতের মাথা ও হাতে গভীর ক্ষত হয়ে গিয়েছিল। এত রক্তক্ষরণ হয়েছে যে যে কোন মুহূর্তে হৃদপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। ওই চিকিৎসক প্রাথমিকভাবে রক্তক্ষরণ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ক্যাপ্টেনের জ্ঞান হারানোর মতো অবস্থা তৈরি হওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। তবে মাথা হাত ফালা ফালা হয়ে চিরে গেলেও অতিরিক্ত রক্তক্ষরণে বিন্দুমাত্র ভয় না পেয়ে সাহসিকতা ও দক্ষতার সঙ্গে ফ্লাইট অবতরণ করিয়ে গোটা বিশ্বের কাছে হিরো হয়ে উঠেছেন আহত পাইলট। ভারতের প্রধানমন্ত্রী কুর্নিশ জানিয়েছেন তাঁকে। প্রশংসায় পঞ্চমুখ ইজরায়েল, আমেরিকার মতো শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানরাও। কিন্তু কে এই স্মিত মচ্ছার (Smit Machchhar) । দুদিন আগেও যাঁকে হয়তো তার প্রিয়জন এবং সহকর্মীদের বাইরে বিশেষ কেউ চিনতেনও না আজ তিনি গোটা দেশের গর্ব।
বুধবার গুরুতর জখম অবস্থায় কো-পাইলটের সঙ্গে ধস্তাধস্তির মাঝেও ফ্লাই দুবাই বিমানকে নিশ্চিত ক্র্যাশের হাত থেকে রক্ষা করা এবং সম্ভাব্য নয় এগারোর মত সন্ত্রাসী হামলা আটকে দিয়েছিলেন আজ খবরের শিরোনামে স্মিত। তিনি ভারতীয় নাগরিক এবং একজন অভিজ্ঞ ও পেশাদার বাণিজ্যিক বিমান চালক। ২০২২ সালের জুন মাসে ক্যাপ্টেন হিসেবে আন্তর্জাতিক বিমান সংস্থা ফ্লাই দুবাইয়ে যোগ দেন। একসময় স্পাইস জেট বিমান চালিয়েছেন। সেখানে দীর্ঘ ১১ বছরের কর্মজীবনে প্রথমে সিনিয়র কমান্ডার ও পরবর্তীতে লাইন ট্রেনিং ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বোয়িং ৭৩৭ সিরিজের মডেলে প্রায় ৯৭৫০ ঘণ্টার উড়ান অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই ধরনের বিমান পরিচালনার ক্ষেত্রে স্মিত এভিয়েশন মহলে একজন দক্ষ বিশেষজ্ঞ হিসেবে যথেষ্ট পরিচিত। ভারতীয় এই পাইলটের উপর হামলার ঘটনায় ফ্লাই দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে তারা তদন্তের সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি অভিযুক্ত ওমানি নাগরিক কীভাবে ইজরাইলগামী বিমানের ককপিটে সশস্ত্র ঢোকার ছাড়পত্র পেল তা নিয়ে আন্তর্জাতিক স্তরে জোর চর্চা শুরু হয়েছে।
















