প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) দেওয়ালে লাগানো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) পোস্টার ঘিরে বিতর্ক। অভিযোগ, পোস্টারে থাকা স্বামী বিবেকানন্দের ছবির উপর আপত্তিকর শব্দ লেখা হয়েছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে বলে দাবি এবিভিপির। আর এই ঘটনার প্রতিবাদে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের চত্বর। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে এবিভিপির সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ।
আরও পড়ুন: মহুয়ার নিরাপত্তা নিয়ে হাই কোর্টে বড় পদক্ষেপ, মামলায় যুক্ত হচ্ছে শাহের মন্ত্রক
এবিভিপির তরফে অভিযোগ, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লাগানো তাদের পোস্টারের উপর বেশ কিছু অশালীন শব্দ লিখে দিয়েছে কে বা কারা। সেখানে ‘ধর্ষক’-এর মতো শব্দও লেখা হয়েছে বলে দাবি সংগঠনের। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (RSS) লক্ষ্য করেও ইংরেজিতে আপত্তিকর শব্দ লেখা হয়েছে বলে অভিযোগ।
ওই পোস্টারে (Poster) স্বামী বিবেকানন্দের ছবিও ছিল। গত জুলাই মাসে জাতীয় ছাত্র দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দের পোস্টারটি লাগানো হয়েছিল। আর সেই পোস্টারের উপরেই আপত্তিকর শব্দ লেখা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বুধবার বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ দেখানোর কথা জানিয়েছে এবিভিপি। সংগঠনের কলকাতা মহানগর সম্পাদক স্বাধীন হালদার বলেন, ‘‘এই ঘটনার বিরুদ্ধে আমরা পুলিশের কাছে অভিযোগ জানাব।’’ ঘটনার নিন্দা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বামী বিবেকানন্দের ছবির উপর আপত্তিকর কিছু লেখা এবং বিভিন্ন সংগঠন সম্পর্কে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনার পিছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখবে কমিটি। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্তের রিপোর্ট ও সুপারিশ জমা দিতে হবে। অধ্যাপক অরবিন্দ নায়কের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন জীবনবিজ্ঞান বিভাগের প্রধান কৌশিক প্রামাণিক, গণিত বিভাগের প্রধান অভিষেক অধিকারী এবং পারফর্মিং আর্টস বিভাগের প্রধান নীলাদ্রি রায়। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষিকা শিল্পা শ। তদন্তের জন্য কমিটিকে প্রয়োজনীয় সাহায্য করবে বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসের দফতর। প্রয়োজন হলে সিসিটিভির ফুটেজও সংগ্রহ করা হবে। দ্রুত তদন্তের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার বলেন, গত ২০৯ বছর ধরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও জ্ঞানচর্চার ঐতিহ্য বজায় রেখে চলেছে। মনীষীদের এবং তাঁদের চিন্তাভাবনাকে বরাবরই সম্মান জানিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, ‘‘কেউ যদি কোনও মনীষীর ছবি বিকৃত করেন বা তাঁর ছবি সম্পর্কে অবমাননাকর আচরণ করেন, কিংবা দেওয়ালে আপত্তিকর শব্দ লেখেন, তা আমরা মেনে নেব না। এই ধরনের আচরণ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে একেবারেই মানানসই নয়। এই ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কোনও খামতি রাখব না।’’ কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কী কারণে পোস্টারের উপর আপত্তিকর শব্দ লেখা হয়েছে, তা তদন্তের পরেই সামনে আসবে।















