নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকাল ১১টার কিছু পরে তাঁর কনভয় নন্দীগ্রামে পৌঁছনোর পর তিনি টোটোতে করে নিজের বুথে পৌঁছে যান। পৌনে বারোটা নাগাদ ভোট দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই সময়ে বুথের ভেতরে দেখা যায় নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথকে। প্রার্থীর সঙ্গে কথা বলতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

মাস ছয়েক আগে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচনে বিরোধী দলনেতা হিসেবে ভোট দিয়েছিলেন শুভেন্দু। এবার গেলেন মুখ্যমন্ত্রী হিসেবে। টোটোতে করে তিনি বুথকেন্দ্রে পৌঁছে যান। সারা রাস্তায় তাঁকে দেখার জন্য যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে। ভোট দেওয়ার পর বুথকেন্দ্রের বাইরে এবং ২০০ মিটারের মধ্যে কোনও ধরণের রাজনৈতিক মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। সারা রাস্তায়।সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায় তাঁকে। সকাল ১১টা পর্যন্ত নন্দীগ্রামে ভোটদানের হার ৪৪ শতাংশ।