পুজোর (Durga Pujo) ভিড় সামলাতে এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রোর (Kolkata Metro)। পঞ্চমী থেকে দশমী—দুর্গাপুজোর সাত দিনই থাকছে মেট্রোর অন্য সময়সূচি। বিশেষ করে সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু এবং গ্রিন লাইনে গভীর রাত থেকে ভোর পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা (Metro Service)। বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে পুজোর বিশেষ সূচি (Kolkata Metro Time Table)।
ব্লু লাইন—দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: ১৫ ও ১৬ অক্টোবর, অর্থাৎ পঞ্চমী ও ষষ্ঠীতে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে মেট্রো। ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান থাকবে মাত্র ৬ মিনিট। ওই দু’দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো ১০.৪৮ এবং উল্টো দিকে ১০.৫০। তবে টালিগঞ্জ ও দমদমগামী শেষ পরিষেবা রাত ১১টা পর্যন্ত থাকবে।
১৭ থেকে ২০ অক্টোবর—সপ্তমী থেকে নবমী পর্যন্ত চার দিন ব্লু লাইনে কার্যত রাতভর পরিষেবা। দুপুর ১টা থেকে শুরু হয়ে মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত। দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম—দুই দিক থেকেই রাত পেরিয়ে ভোর পর্যন্ত ট্রেন পাওয়া যাবে।
আরও পড়ুন: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে বেঙ্গালুরুতে জনস্রোত, CJP প্রতিবাদে ধ্রুব রাঠি-প্রকাশ রাজ
গ্রিন লাইন—হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ: পঞ্চমী ও ষষ্ঠীতে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিষেবা। সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুপুর দেড়টা থেকে ভোর ৪টে পর্যন্ত চলবে মেট্রো। হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে ভোর ৩. ৫২, আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ ট্রেন ছাড়বে ৩. ৫৯তে। দশমীতে অবশ্য রাতভর পরিষেবা থাকছে না—শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ১০টায়।
ইয়েলো লাইন—নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর: পঞ্চমী ও ষষ্ঠীতে সকাল থেকে রাত পর্যন্ত পরিষেবা মিলবে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে রাতভর মেট্রো চলবে না। ওই তিন দিন নোয়াপাড়া থেকে প্রথম ট্রেন বিকেল ৩টেয় এবং শেষ ট্রেন রাত সাড়ে ১০টায়। বিমানবন্দর থেকে প্রথম পরিষেবা ৩.২৪, শেষ ট্রেন রাত ১০.৫৩। দশমীতে পরিষেবা আরও আগে শেষ হবে।
পার্পল লাইন—জোকা থেকে মাঝেরহাট: পঞ্চমী ও ষষ্ঠীতে ২১ মিনিট অন্তর মেট্রো চলবে। জোকা থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৪০ মিনিটে, শেষ রাত ৯টা ৫ মিনিটে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত ২৫ মিনিট অন্তর পরিষেবা মিলবে; শুরু বিকেল ৩টেয়, শেষ রাত সাড়ে ১০টায়। মাঝেরহাট থেকে শেষ ট্রেন যাবে রাত ১০.৫৫ মিনিটে।
অরেঞ্জ লাইনে বড় পরিবর্তন: কবি সুভাষ-বেলেঘাটা রুটে পঞ্চমী ও ষষ্ঠী পর্যন্ত ২৫ মিনিট অন্তর মেট্রো চলবে। কবি সুভাষ থেকে প্রথম ট্রেন সকাল ৭.৪০ মিনিটে, শেষ ৮.২০ মিনিটে। বেলেঘাটা থেকে প্রথম ট্রেন ৮.১০ মিনিটে এবং শেষ ৮. ৪৫ মিনিটে। তবে সপ্তমী থেকে দশমী—চার দিন এই লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না। অর্থাৎ, পুজোর ভিড় সামলাতে ব্লু ও গ্রিন লাইনে গভীর রাত পর্যন্ত থাকছে বিশেষ পরিষেবা, আর অন্যান্য লাইনে উৎসবের দিন অনুযায়ী বদলানো সময়সূচি। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই মেট্রোর এই বিশেষ ব্যবস্থা বলে মেট্রো রেল সূত্রে খবর।














