ভোটার তালিকা সংশোধনের SIR প্রক্রিয়া বাতিল এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে (Freedom Park, Bengaluru) বড়সড় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে CJP। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেন ইউটিউবার ধ্রুব রাঠি (Dhruv Rathee), অভিনেতা প্রকাশ রাজ, পারাকলা প্রভাকর, দেবানুরু মহাদেব-সহ আরও অনেকে। SIR-এর বিরুদ্ধে সরব হন কর্নাটকের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগরিকরাও।
আরও পড়ুন: ছুটি পেয়ে বাড়ি ফিরেও আত্মহত্যা? জলপাইগুড়িতে পুলিশ ইন্সপেক্টরের মৃত্যু ঘিরে রহস্য
কর্মসূচির কেন্দ্রবিন্দু ছিল ‘People’s Tribunal’। ভোটার তালিকা সংশোধনের সময় নিজেদের নাম বাদ পড়েছে বা সমস্যা তৈরি হয়েছে বলে যাঁরা অভিযোগ করছেন, তাঁদের বক্তব্য সরাসরি শোনার ব্যবস্থা করা হয় সেখানে। মাঠপর্যায়ে মানুষের কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, সেই অভিজ্ঞতাগুলিই এই মঞ্চে তুলে ধরা হবে। পরে মহিলাদের প্রতি সংহতি জানিয়ে ‘চপ্পল প্রতিবাদ’-এরও আয়োজন করা হয়।
বক্তারা SIR-এর পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ, ভোটার তালিকা যাচাইয়ের নামে যোগ্য নাগরিকের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও নির্ভরযোগ্য যাচাইয়ের দাবি জানানো হয়। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং SIR প্রত্যাহারের দাবিতেও স্লোগান ওঠে।
আরও পড়ুন: বিহার থেকে বেঙ্গালুরু, বৃহস্পতিতেও দেশজুড়ে জ্ঞানেশ বিরোধী আন্দোলন- প্রতিবাদ কর্মসূচি
ধ্রুব রাঠির উপস্থিতি ঘিরে কর্মসূচিতে আলাদা আগ্রহ তৈরি হয়। CJP-র পক্ষ থেকে তাঁকে আগে থেকেই ‘বিশেষ অতিথি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। বেঙ্গালুরুতে প্রকাশ্য এই কর্মসূচিতে যোগ দিয়ে রাঠি SIR নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। প্রকাশ রাজও আন্দোলনে অংশ নিয়ে নাগরিকদের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
ফ্রিডম পার্কে এদিন শুধু রাজনৈতিক কর্মী বা পরিচিত মুখই নয়, সাধারণ নাগরিক, মহিলা, ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশার মানুষও জমায়েতে অংশ নেন। SIR নিয়ে নিজেদের অভিজ্ঞতা জানাতে কর্নাটকের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছেন বলে আয়োজকদের দাবি। তাঁদের বক্তব্য, ভোটার তালিকায় কোনও পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নাগরিকের বক্তব্য শোনার সুযোগ থাকা জরুরি।
আরও পড়ুন: ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা
বড় জমায়েতকে কেন্দ্র করে ফ্রিডম পার্ক ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অন্যদিকে, বেঙ্গালুরুর এই কর্মসূচির পর আগামী দিনে দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি করার কথা জানিয়েছে CJP। ফলে SIR ঘিরে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি নাগরিক সংগঠনগুলির প্রতিবাদও আরও বড় পরিসরে গড়ানোর ইঙ্গিত মিলেছে।















