পাটনা থেকে লখনৌ যাওয়ার পথে মাঝ আকাশে বজ্রপাতের কবলে ইন্ডিগো বিমান। বুধবার (৭ অক্টোবর) টারবুল্যান্সের মাঝেই প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় আচমকা বজ্রপাতের ধাক্কায় বিমানের সামনের অংশ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলেছে খবর মিলেছে। তবে বড় কোনও বিপদ ঘটেনি। ১০৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য-সহ উড়ানকে নিরাপদে চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান পাইলট।
ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের নাকের রাডোম ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রাথমিক ভাবে পাইলট বজ্রপাতের ধাক্কার সম্পূর্ণ মাত্রা বুঝতে পারেননি, তবে অবতরণের পর বিষয়টি স্পষ্ট হয়। সেই সময় শিলাবৃষ্টি হচ্ছিল আর তাতেই রাডোমের যথেষ্ট ক্ষতি হয়েছে। প্রযুক্তিগত দল বিমানের ক্ষয়ক্ষতি পরীক্ষা করছে। গোটা ঘটনার কথা জানানো হয়েছে DGCA-কে। সম্পূর্ণ মেরামতির পরই বিমানটি ফের ওড়ার ছাড়পত্র পাবে। সংশ্লিষ্ট বিমানের যাত্রীদের অন্য ফ্লাইটে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
প্রতিকূল আবহাওয়ায় ইন্ডিগো বিমানে দুর্ঘটনা বা বিপত্তি নতুন নয়। চলতি বছরের জুন মাসেও কলকাতা বিমানবন্দরে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্ডিগো উড়ান। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাত্রীদের মনে আতঙ্ক ছড়িয়েছে।















