এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটার বাদ দেওয়া থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে দেশব্যাপী আন্দোলন শুরু করেছে ককরোচ জনতা পার্টি। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের নেতৃত্বে বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে সকাল ১০টা থেকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেখানেই যোগ দিতে চলেছেন নেট প্রভাবী ধ্রুব রাঠী (Dhruv Rathee)। 

বিজেপি সরকারের গণতন্ত্র বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ইউটিউবার ধ্রুব। NEET আন্দোলনের সময়ও তিনি সিজেপিকে সমর্থন জানিয়েছিলেন, তবে স্বশরীরে দিল্লিতে উপস্থিত হতে পারেননি। এবার জ্ঞানেশ বিরোধী আন্দোলনে সরাসরি যুক্ত হওয়ার কথা নিজেই জানান। সেই মতো বেঙ্গালুরুতে আয়োজিত এসআইআর প্রক্রিয়া বাতিল কর্মসূচিতে উপস্থিত থাকতে চলেছেন তিনি। একটি ভিডিও বার্তায় গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন ধ্রুব। জানা গিয়েছে ঐশী ঘোষ, নেহা বোরারাও একযোগে সামিল হবেন অভিজিৎ -আশুতোষদের ডাকা জ্ঞানেশ বিরোধী আন্দোলনে।

যেভাবে সারা দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে তার বিরুদ্ধে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে আরশোলাদের বড় কর্মসূচি ঘিরে চাপ বাড়ছে কেন্দ্রের। ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিতে সাধারণ মানুষ পৌঁছতে শুরু করেছেন। আশঙ্কা রয়েছে সিজেপি নেতৃত্বের গ্রেফতারির। কিন্তু অভিজিতরা স্পষ্ট জানিয়েছেন এই আন্দোলন কোনভাবেই আটকানো যাবে না। কারণ দেশের যুবসমাজ জেগে উঠেছে। গণতন্ত্র এবং সংবিধানের উপর আঘাত কোনভাবেই সহ্য করা হবে না।সিজেপির তরফে সাংবাদিক বৈঠকে সৌরভ হুশিয়ারি দিয়ে বলেন, 'শুধু জ্ঞানেশ কুমার ইস্তফা দিলই আমরা পিছু হটব না। কারণ সিস্টেমে বদল দরকার। নিরপেক্ষ নির্বাচন কমিশনার প্রয়োজন।দেশের যুবসমাজকে বলছি, ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রেডি থাকুন, কারণ এই লড়াই দীর্ঘ হবে।'