Sunday, May 31, 2026

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

Date:

Share post:

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছে—এই অভিযোগ উঠতেই তৎপর তৃণমূল কংগ্রেস (TMC)। তালিকা প্রকাশের দিনই ভবানীপুরে দলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ বার কলকাতায় (Kolkata) দলের বিএলএ-দের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে কলকাতার পাশাপাশি হাওড়া ও হুগলি জেলার একাংশের বিএলএ-দের ডাকা হয়েছে। নির্বাচন কমিশনের শুনানি শুরুর ঠিক আগের দিন এই বৈঠক হওয়ায় রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, সে বিষয়ে প্রথম থেকেই দলীয় নেতা-কর্মীদের কড়া বার্তা দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বিএলএ-দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএলও-দের সঙ্গে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করেন এবং কোনও যোগ্য ভোটারের নাম বাদ না পড়ে, সে দিকে নজর রাখেন।

খসড়া তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযোগ সামনে এসেছে। কোথাও জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। হুগলির ডানকুনির একটি পুরসভার তৃণমূল কাউন্সিলরের নামও খসড়া তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে বলে দাবি। এই ঘটনাগুলিকে হাতিয়ার করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে ঘাসফুল শিবির।

এই পরিস্থিতিতে আগামী ২৩ ডিসেম্বর থেকে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকায় নাম থাকা ব্যক্তিকেও প্রয়োজনে শুনানিতে ডাকা হতে পারে। ফলে চূড়ান্ত তালিকায় যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, সে জন্য আগাম প্রস্তুতি নিতে চাইছে তৃণমূল।

শুনানি শুরুর এক দিন আগেই কলকাতা, হাওড়া ও হুগলির একাংশের বিএলএ-দের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইনডোরের এই বৈঠক থেকে বুথস্তরের নেতাদের উদ্দেশে কী নির্দেশ দেন তিনি এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে দল কোন কৌশল নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...