Friday, March 20, 2026

‘ভূমিকম্পের আগে’, উৎপল সিনহার কলম 

Date:

Share post:

উৎপল সিনহা

বাইরে আমি হিরো হলেও
ঘরে কুনো ব্যাঙ…

কুনো ব্যাঙকে নিয়ে যারা মজা-মস্করা করেন তাঁদের এবার একটু সতর্ক হওয়া উচিত। কেননা কুনো ব্যাঙের একটা বিশেষ ক্ষমতা নিয়ে ইদানিং খুব আলোচনা হচ্ছে বিশ্বব্যাপী। আসলে পৃথিবীর বিভিন্ন দেশে ভূমিকম্পের সংখ্যা যত বাড়ছে ততই বেশি আলোচনার কেন্দ্রে এসে দাঁড়াচ্ছে বেচারা তুচ্ছ কুনো ব্যাঙ। কী আলোচনা ?

কুনো ব্যাঙের নাকি এমন এক বিশেষ ক্ষমতা আছে যা প্রাণীজগতে প্রায় বিরল। ভয়াবহ ভূমিকম্পের প্রায় এক সপ্তাহ আগেই নাকি কুনো ব্যাঙ টের পেয়ে যায় কী ঘটতে চলেছে।

সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে তথাকথিত অতি তুচ্ছ কুনো ব্যাঙ।অন্যান্য প্রাণীদের মধ্যে কুকুর , বিড়াল , হাতি , সাপ এবং মাছও ভূমিকম্পের আগে অস্বাভাবিক আচরণ করে , ভীষণ ছটফট করে , তাদের মধ্যে বেশ একটা অস্থিরতা লক্ষ্য করা যায়।

তারা ভয় পায়, বিপন্ন বোধ করে , নিরাপত্তাহীনতায় ভোগে এবং স্থানান্তরে যেতে চায় বিপদসঙ্কেত পেয়ে। কিন্তু তা হয়তো ভূকম্পনের কয়েক ঘণ্টা আগে, বড়োজোর ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে। তবে হ্যাঁ , এই আগাম টের পাওয়ার ব্যাপারে অন্যান্য প্রাণীদের চেয়ে যোজন যোজন এগিয়ে কুনো ব্যাঙ।

হাতিরা তাদের পা এবং কান ব্যবহার করে মাটির কম্পন অনুভব করতে পারে। গরু ও মহিষ ছটফট করতে থাকে, তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়, সাপ অনেক সময় ভূমিকম্পের আগে গর্ত থেকে বেরিয়ে আসে, পালাতে চায়, কিছুটা দিশেহারা হয়ে পড়ে। এ সময় পাখিদের মধ্যেও বেশ অস্বাভাবিকতা দেখা যায়। মাছগুলো পুকুর ও জলাশয়ের জলের আলোড়ন থেকেই আগাম বিপদের আঁচ পেয়ে অস্থির হয়ে ওঠে এবং যেভাবে হোক বাঁচতে চায়। প্রচণ্ড ভীত ও সন্ত্রস্ত হয়ে ডাঙায় উঠে আসার জন্য মরিয়া হয়ে ওঠে তারা।

ইঁদুর ও ওয়েসল জাতীয় প্রাণীরাও মাটির কম্পন অনুভব করে ভূমিকম্পের বেশ আগেই তাদের বাসস্থান ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে। বিড়ালের দল ভীত হয়ে ছোটাছুটি করে। বিজ্ঞানীরা মনে করেন, ভূমিকম্পের আগে ভূগর্ভস্থ পাথরে চাপের পরিবর্তন ঘটে, যার ফলে বিশেষ এক ধরনের গ্যাস বা রাসায়নিক উপাদান নির্গত হয়। এই পরিবর্তন ব্যাঙের স্নায়ুতন্ত্রে ধরা পড়ে। তাই তারা ভূমিকম্পের পূর্বাভাস পায়।

ইতালিতে একটি গবেষণায় দেখা গেছে ভূমিকম্পের পাঁচ দিন আগেই ব্যাঙের দল নিজেদের বাসস্থান ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে চলে গিয়েছিল। গবেষকরা ব্যাঙের দেহে একধরনের বিশেষ সঙ্কেতযুক্ত যন্ত্র লাগিয়ে তাদের আচরণ পর্যবেক্ষণ করেন এবং দেখতে পান যে, ভূমিকম্পের অনেক আগেই ব্যাঙের দল খুবই অস্বাভাবিক আচরণ করতে থাকে। অন্যান্য প্রাণীদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায় তার অনেক পরে। গবেষকরা মনে করেন, অনেক প্রাণীই ভূকম্পনের বেশ আগেই ‘ পি – ওয়েভ ‘ নামক ক্ষুদ্র কম্পন অনুভব করে, যা মানুষ সাধারণত অনুভব করে না। এইসব প্রাণীরা মাটি কেঁপে ওঠার আগেই বিশেষ সেন্সর বা সংবেদনশীলতায় কাঁপন বা পরিবেশগত পরিবর্তন টের পায়, যা তাদের অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ের পথে চালিত করে।‌

হাতিরা ভূমিকম্প টের পায় তাদের পায়ের সংবেদনশীল রিসেপ্টর ও শুঁড়ের মাধ্যমে।‌ সুক্ষ্ম কম্পন অনুভব করার পর তারা দলবদ্ধভাবে সতর্ক হয়ে যায় নিজেদের মধ্যে সাঙ্কেতিক যোগাযোগের দ্বারা এবং দলের সবচেয়ে দুর্বল সদস্য ও বাচ্চাদের রক্ষা করতে বলয় তৈরি করে, যা তাদের সহজাত বুদ্ধি ও সামাজিক আচরণের প্রতিফলন। এদের দায়িত্বশীলতা ও সহজাত কর্তব্যবোধ শিক্ষণীয়।‌ বিপদের সময় তারা মাথা উঁচু করে এবং কান প্রসারিত করে চারপাশের শব্দ শোনার চেষ্টা করে। তবে একথা বলতেই হয় যে, ভূমিকম্প আগাম টের পাওয়ার ব্যাপারে সবচেয়ে পিছিয়ে রয়েছে মানুষ।

জয় কুনো ব্যাঙ।

আরও পড়ুন – উইক এন্ডে রোজগার দ্বিগুণ, অন্ধ্রপ্রদেশে কুমোররাও খুঁজে পেয়েছেন নতুন পথ

Related articles

ডলারের নিরিখে শুক্রবার টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পরল ভারতীয় মুদ্রার (Indian Rupee) উপর। শুক্রবার ডলারের নিরিখে টাকার দামের...

আইপিএলের আগে পন্থকে কড়া বার্তা গোয়েঙ্কার? তারকা পেসারকে নিয়ে সমস্যায় দিল্লি

২০২৫ সালের আইপিএলের নিলামে রেকর্ড দাম দিয়েই ঋষভ পন্থকে (Rishabh Pant )নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka )দল লখনউ।...

বিজেপির ‘অস্ত্র’ কমিশন, কারসাজি ভাঙবে বাংলা: মমতার লড়াইকে সমর্থন জানিয়ে পোস্ট ওমর-কেজরিওয়ালের  

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ে পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ও দিল্লির প্রাক্তন...

গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে টান পড়েছে রান্নার গ্যাসে। যার জেরে বন্ধ হয়েছে কলকাতার একাধিক রেস্তরাঁর বিভিন্ন পদ। এবার...