Sunday, April 5, 2026

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক তহবিল ব্যবহারের উপর একাধিক বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন প্রশাসনিক সিদ্ধান্তে স্বচ্ছতা বজায় রাখতে এই নির্দেশগুলি দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত কোনও আধিকারিককে আচরণবিধি চলাকালীন বদলি করা যাবে না। যদি নির্বাচন ঘোষণার আগে কোনও বদলির নির্দেশ জারি হয়ে থাকে কিন্তু সংশ্লিষ্ট আধিকারিক এখনও নতুন পদে যোগ না দিয়ে থাকেন, তবে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া সেই বদলি কার্যকর করা যাবে না। প্রশাসনিক প্রয়োজনেই যদি বদলি অপরিহার্য হয়, সে ক্ষেত্রেও কমিশনের অনুমোদন বাধ্যতামূলক। এদিকে আচরণবিধি কার্যকর হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের এলাকা উন্নয়ন তহবিল ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সাংসদ বা বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিল থেকে নতুন করে কোনও অর্থ বরাদ্দ করা যাবে না বলে জানানো হয়েছে।

কমিশনের নির্দেশে আরও বলা হয়েছে, আচরণবিধি জারির আগে কোনও প্রকল্পের কাজের অর্ডার দেওয়া থাকলেও যদি বাস্তবে সেই কাজ শুরু না হয়ে থাকে, তবে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন তা শুরু করা যাবে না। তবে যে সব প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সেগুলি চালিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা নেই। একইভাবে সম্পূর্ণ হয়ে যাওয়া প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের অনুমতি সাপেক্ষে অর্থ প্রদান করা যাবে। আবার যে সব প্রকল্পে আগে থেকেই অনুমোদন তহবিল বরাদ্দ হয়েছে এবং নির্মাণ সামগ্রী কাজের জায়গায় পৌঁছে গিয়েছে, সেই কাজ শেষ করার অনুমতিও দেওয়া হয়েছে।

আচরণবিধি লাগু হওয়ার পর সরকারি জায়গা থেকে রাজনৈতিক প্রচারের সব চিহ্ন দ্রুত সরানোর নির্দেশও দিয়েছে কমিশন। সরকারি অফিস থেকে দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার, হোর্ডিং পতাকা ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি রেলস্টেশন, বাসস্ট্যান্ড, বিমানবন্দর, সেতু, সরকারি বাস এবং বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটির মতো পাবলিক স্পেস থেকে রাজনৈতিক বিজ্ঞাপন ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আচরণবিধি চলাকালীন প্রশাসনিক সিদ্ধান্তের উপর নজরদারি বাড়াতে একটি স্ক্রিনিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই কমিটির নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্যসচিব। সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট দফতরের সচিব বা প্রধান সচিব এবং সমন্বয় দফতরের সচিব বা প্রধান সচিব। কমিশন জানিয়েছে, আগামী ২২ মার্চের মধ্যে এই কমিটি গঠন করে কমিশনকে জানাতে হবে। আচরণবিধি চলাকালীন কোনও সরকারি দফতর নতুন প্রকল্প বা প্রস্তাব কার্যকর করতে চাইলে প্রথমে সেই প্রস্তাব স্ক্রিনিং কমিটির কাছে পাঠাতে হবে। কমিটির অনুমোদন মিললে তবেই তা মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে পাঠানো যাবে। কোনও দফতর সরাসরি কমিশনের কাছে ফাইল পাঠাতে পারবে না বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

_

_

_

_

_

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...