রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও এখনও পর্যন্ত সব কেন্দ্রে পদ্মমুখ নিশ্চিত করতে পারল না গেরুয়া দল। মঙ্গলবার সকালে চতুর্থ তালিকা প্রকাশ করে রাজ্যের ১৩টি কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা বিজেপির (BJP)। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সদ্য কংগ্রেসত্যাগী সন্তোষ পাঠককে। তবে বিশেষ করে উল্লেখ করতে হয় উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রের কথা। মতুয়া অধ্যুষিত এই এলাকায় বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে (Soma Thakur) টিকিট দিল বিজেপি। এই কেন্দ্রের তৃণমূলের তরফে প্রার্থী রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur)। অর্থাৎ মতুয়া ঠাকুর বাড়ির দুই সদস্য যাঁরা সম্পর্কের ননদ-বৌদি, এবার ভোটের লড়াইয়ে একে অন্যের প্রতিদ্বন্দ্বী।

২৯৪ আসনের বিধানসভা লড়াইয়ে প্রথম দফায় ১৪৪টি, দ্বিতীয় দফায় ১১২টি, তৃতীয় দফায় ১৯টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি। চতুর্থ দফার ঘোষণার পর এখনো ছটি কেন্দ্রের মুখ পাওয়া যায়নি। রাজ্যে প্রথম দফায় নির্বাচন আগামী ২৩ এপ্রিল। ইতিমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব। আজ বিজেপি তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গেছে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল হয়েছে। গত ১৯ মার্চ এই কেন্দ্রের প্রার্থী হিসাবে কৌশিক রায়ের নাম ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু তারপর গেরুয়া নিচুতলার কর্মী ও সমর্থকদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝে মঙ্গলবার ওই কেন্দ্রের নতুন প্রার্থী হিসাবে ডালিম রায়ের নাম ঘোষণা করা হয়েছে। তবে নাম ঘোষণা হতেই বাগদায় জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কারণ এই কেন্দ্রে এবার ননদ বনাম বৌদির লড়াই। বিজেপি প্রার্থী সোমা ঠাকুর মতুয়া মহা সংঘের মাতৃ সেনার প্রধান। এই কেন্দ্রে জিততে শান্তনু পত্নীর ওপর আশা রেখেছে তাঁর দল। তবে ভুলে গেলে চলবে না যে এই কেন্দ্র থেকে গতবারের উপনির্বাচনে জয়ী হয়েছেন মতুয়া পরিবারের আরেক সদস্য মধুপর্ণা ঠাকুর। রাজনীতিতে নবাগতা হলেও তাঁর ওপর আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই ভরসাকে জিতিয়ে দেন বাগদাবাসী। উপ নির্বাচনে মধুপর্না বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রায় ৪০ হাজার ভোটে জয়ী হয়েছিলেন।এবারে ব্যবধান বাড়বে বলে তিনি আশাবাদী। ফলে এই কেন্দ্রের দিকে আলাদা করে নজর রাজনৈতিক মহলের।

চতুর্থ তালিকায় সিতাই কেন্দ্রে বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা, নাটাবাড়িতে গিরিজাশঙ্কর রায়, মগরাহাট পূর্ব কেন্দ্রে উত্তমকুমার বণিক, ফলতায় দেবাংশু পান্ডা। এছাড়া সোনারপুর উত্তরে দেবাশিস ধর, হাওড়া দক্ষিণে শ্যামল হাতি, পাঁচলায় রঞ্জনকুমার পাল, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে পীযূষকান্তি দাস, গড়বেতায় প্রদীপ লোধা, মেমারিতে মানব গুহ, বাঁশদ্রোণীতে অরিজিৎ রায়কে টিকিট দেওয়া হয়েছে।

–

–

–

–

–

–

–
