সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, দলীয় প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে পানিহাটির উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে প্রচারসভা করেন তৃণমূল সভানেত্রী। আর সেখানে বলতে উঠে মাঠ দখলের রাজনীতির বিরুদ্ধে বার্তা দেন তিনি।

এবারের রাজ্যের অন্যতম আলোচিত কেন্দ্র পানিহাটি (Panihati)। এখানে বিজেপির (BJP) প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ। তৃণমূলেরও নতুন প্রার্থী-বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর। সেখানে দাঁড়িয়েই এলাকার সবুজ (Greenery) রক্ষার বার্তা দেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তিনি সাফ জানান, ”আমি শুরুতেই একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি। কাউন্সিলর, চেয়ারম্যানরা শুনে রাখুন। তৃণমূল দলটা করতে গেলে সবুজ ধ্বংস করা চলবে না, মাঠ দখল করা চলবে না। বেআইনি নির্মাণ চলবে না। এখানে একটা মাঠ দখল করা হচ্ছিল বলে আমার কানে খবর আসে। সঙ্গে সঙ্গে আমি ধরেছি। যদি ভেবে থাকেন, আমি কলকাতায় থাকি বলে পানিহাটিতে কী হচ্ছে, জানব না, মালদহে কী হচ্ছে জানব না, সেটা কিন্তু নয়। সবার সব খবর আমি রাখি।”

গত বছর সোদপুরের অমরাবতীর মাঠে একাংশ দখলের চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে। এখানে নির্মাণ কাজের পরিকল্পনা করার অভিযোগ ওঠে পানিহাটি পুরসভার বিরুদ্ধে। সেই কথা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন তিনি। এর পরেই পুর ও নগরোন্নয়ন দফতর পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে বদল করে দেয়।

অমরাবতীর সেই বিতর্কের কোনও প্রভাব যাতে বিধানসভা ভোটে না পড়ে প্রচারে এসে সেই বিষয়েই বার্তা দিলেন মমতা। বলেন, ”মাঠ বা কোনও ফাঁকা জায়গা দখল করে যখনতখন নির্মাণকাজ করব, এসব চলবে না। আমার নজরে এলেই আমি তা বন্ধ করে দেব। তৃণমূল করতে হলে সবুজ ধ্বংস নয়, সবুজ বাঁচাতে হবে।”

–

–

–

–

–
–
