Wednesday, May 27, 2026

সরকার বদলে সুমনের ডিগবাজি “আমি তৃণমূলপন্থী নই”, ‘এবার উনি বিজেপি হবেন’, তোপ তসলিমার

Date:

Share post:

বাংলার শাসন ক্ষমতার পরিবর্তন হতেই ভোলবদল কবীর সুমনের (Kabir Suman)। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ থাকা শিল্পীর হঠাৎ দাবি, তিনি নাকি তৃণমূলপন্থী নন! পরিবর্তনের ট্রেন্ডে গা ভাসিয়ে কবীরের মন্তব্য, “আমায় মমতা প্রায় হাতেপায়ে ধরে দাঁড় করিয়েছিলেন।” এহেন ‘সুযোগ সন্ধানী’ শিল্পীর ডিগবাজিতে তোপ দেগেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন (Taslima Nasreen)। লেখিকার কটাক্ষ, এবার তাহলে হাতেপায়ে ধরলে কবীর হয়তো বিজেপি হতে বেশি সময় নেবেন না।

মমতা যখন বাংলার সিংহাসনে ছিলেন তখন তাঁর স্তুতি গাইতে দেখা গেছে কবীরকে। গত মার্চ মাসে ধর্মতলার ধর্না মঞ্চেও তৃণমূল সুপ্রিমোর পাশে দাঁড়িয়ে এসআইআরের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই বর্ষীয়ান শিল্পীর এই ‘ডিগবাজি’ অনেকেরই চোখে লাগছে। তৃণমূলের ভরাডুবির পর কবীর সুমন বলেন, “আমি তো তৃণমূলের সদস্য নই, আমি তৃণমূলপন্থীও নই। আমায় মমতা প্রায় হাতেপায়ে ধরে দাঁড় করিয়েছিলেন। তাঁর আগে আমি কোনও পার্টির সদস্যও ছিলাম না। আমার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়া মাত্রই আমি পদত্যাগ করি।জনাদেশ কেন মমতার বিপক্ষে গেল, সেটা বলতে পারব না। কিন্তু আমি মনে করি, একাধিক ভুল হয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেয়নি। যেমন চাকরি। চাকরির ক্ষেত্রটা ভয়ংকরভাবে মার খেয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী হিসেবে সব কাজ ঠিক করেছেন? উত্তর না। তিনি পারেননি। ” শিল্পীর এই সাক্ষাৎকার দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই সমালোচনা আর কটাক্ষের বন্যা। সেই সুর ধরেই এবার কবীরকে খোঁচা তসলিমার।

রাজ্য রাজনীতির পালাবদলে নিমেষের মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন বাংলার সাহিত্য-সংস্কৃতি-বিনোদন জগতের একঝাঁক চেনা মুখ। তাঁদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন সুমন। সংশ্লিষ্ট ইস্যুতে শিল্পীকে ধুইয়ে দিয়েছেন তসলিমা। লেখিকার মন্তব্য, “তিনিই তো বলেছিলেন, “আজ থেকে ৩০০ বছর পর মমতার নামে পুজোআচ্চা হবে, মন্দিরও হবে। শুধু তাই নয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি গানও বেঁধেছিলেন, যেখানে রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হয়েছিল। ২০২০ সালে করোনা সংক্রমণের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করে একটি গান বেঁধেছিলেন। কবীর সুমন কেবল গানই বাঁধেননি। তিনি ‘মমতা’ নামে একটি নিজস্ব রাগ তৈরি করে তাতে বাংলা খেয়াল গেয়েছিলেন। ‘মমতার জন্য’ শীর্ষক একটি বিশেষ গানও বেঁধেছিলেন তিনি। এত গান লেখার জন্য এবং গাওয়ার জন্য কি কেউ তাঁকে হাতে পায়ে ধরেছিল?” এখানেই শেষ নয়, সুমনের পুরনো বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তসলিমা বলেন, মাথায় সাদা গোল টুপি পরে মমতার নামে মন্দির হবে ঘোষণা করেছিলেন যিনি তিনি কি এবার একটু হাতেপায়ে ধরলে বিজেপিতে চলে যাবেন? প্রথমে নিজেকে কমিউনিস্ট বলতেন কবীর, পরে তিনি তৃণমূলপন্থী। এবার বাংলার রং বদলাতেই নিজের ধান্দাবাজ চরিত্রের রূপ প্রকাশ করে ফেললেন ‘জাতিস্মর’ স্রষ্টা। একদা বাংলা সংগীত জগতে ইতিহাস সৃষ্টি করেছিলেন যিনি, তাঁর এই ধরনের মানসিকতা ও মন্তব্যে বেজায় চটেছেন শিল্পীর অনুরাগীরাও।

 

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...