হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে বৈঠক করতে চলেছেন বাংলার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও বৈঠকে ডাক পেয়েছে কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ( Confederation of Government Employees), ইউনিটি ফোরাম (Unity Forum) এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ।

পূর্বতন সরকারের বিরুদ্ধে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভের প্রতিফলন দেখা গেছে ভোটবাক্সে। নতুন সরকার কি প্রত্যাশা পূরণ করতে পারবে? কেন শুধুমাত্র চার সংগঠনকে নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই কো-অর্ডিনেশন কমিটির তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বৈঠকে যোগদানের ইচ্ছেপ্রকাশ করা হয়। তবে নবান্ন (Nabanna) সূত্রে খবর, কো-অর্ডিনেশন কমিটিকে শেষ পর্যন্ত বৈঠকে ডাকা হচ্ছে না। বিকেলে তাদের তরফে এক সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। প্রথমে DA (Dearness Allowance) সংক্রান্ত এই বৈঠক শনিবার হওয়ার কথা থাকলেও, পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর কর্মসূচির কথা মাথায় রেখেই বৈঠকের দিনবদল করা হয়।ইতিমধ্যে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (এপ্রিল, ২০০৮ থেকে ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত)দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। তবে যাঁরা কর্মরত, তাঁরা এখনই টাকা পাচ্ছেন না।

বৈঠকের প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ (Bhashkar Ghosh) বলেন, ‘‘নির্বাচনের আগে বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দল যে সমস্ত প্রতিশ্রুতি পূরণের ঘোষণা করেছিলেন, সেই সব কথাই আমরা বলব। পাশাপাশি সরকারি শূন্য পদে নিয়োগের প্রসঙ্গ উত্থাপন করা হবে।” ডবল ইঞ্জিন সরকার এ রাজ্যের DA জট কাটাতে পারে কিনা এখন সেটাই দেখার।

–

–

–

–

–
