Saturday, June 27, 2026

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

Date:

Share post:

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির মতো একাধিক ইস্যুতে যুবসমাজের প্রতিবাদকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। এই আবহে আন্দোলনের পাশে দাঁড়িয়ে সমর্থনের বার্তা দিলেন দুই সচেতন চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রকাশ রাজ (Prakash Raj) এবং অতুল কুলকার্নি (Atul Kulkarni)।

শনিবারের কর্মসূচিতে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও আন্দোলনের প্রতি নিজের সমর্থনের কথা স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। সামাজিক মাধ্যমে তিনি জানান, “সংহতি জানাতে এবং পাশে দাঁড়াতে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। কিন্তু আগে থেকে নির্ধারিত কাজের কারণে উপস্থিত থাকতে পারিনি। তবুও আমি সবসময় এই আন্দোলনের সঙ্গেই আছি। ককরোচরা দারুণ লড়াই করেছে দেখে আমি ভীষণ খুশি। শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গেলে সোনম ওয়াংচুর (Sonam Wangchuk) চেয়ে উপযুক্ত মানুষ আর কে-ই বা হতে পারেন? সেখানে উপস্থিত থাকার জন্য তাঁকে ধন্যবাদ।” প্রকাশ রাজের বক্তব্যে স্পষ্ট, এই আন্দোলনকে তিনি শুধুমাত্র একটি প্রতিবাদ কর্মসূচি হিসেবে নয়, বরং যুবসমাজের ন্যায্য প্রশ্ন তোলার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেই দেখছেন।

এর আগেও প্রকাশ রাজকে দেখা গিয়েছে পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুর পাশে দাঁড়াতে। সোনমের অনশন মঞ্চে লাদাখ গিয়ে তিনি সমর্থন জানিয়েছিলেন। ফলে সোনমের আদর্শে এগিয়ে চলা ককরোচ জনতা পার্টির সমর্থনে যে তিনি থাকবেন, তা বলাই বাহুল্য। কিন্তু এই ধরনের আন্দোলেন প্রকাশ্যে এতদিন সামনে আসেননি এমন মানুষও শনিবারের যন্তর মন্তরের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ইস্যুতে বিজেপিকে সমর্থন জানানো অভিনেতা অতুল কুলকার্নিও এবার সিজেপি-র পাশে।

দেশের তরুণদের উদ্দেশে লেখা অতুল কুলকার্নির (Atul Kulkarni) দীর্ঘ পোস্টে আত্মসমালোচনার সুর শোনা গিয়েছে। তিনি বলেন, “তোমরা নিজেদের কণ্ঠস্বর তুলে ধরতে এবং নিজেদের অধিকারের জন্য দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছ। আমার প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম এবং পরের প্রজন্মও সবসময় নিজেদের দায়িত্ব নিখুঁতভাবে পালন করতে পারেনি। আমরা ভুল করেছি। অনেক ক্ষেত্রে এমন বহু বড় চ্যালেঞ্জ রেখে গিয়েছি, যা আজ উত্তরাধিকার হিসেবে তোমাদের কাঁধে এসে পড়েছে। তার জন্য আমি ক্ষমা চাইছি। স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব এই দেশের আত্মা। আমার আন্তরিক বিশ্বাস, তোমরাই সততা এবং সকলের প্রতি সহমর্মিতা নিয়ে এই সমাজ ও দেশকে নতুন রূপ দেবে। তোমাদের প্রত্যেকের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা।”

আরও পড়ুন : প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

তবে শুধু সমর্থন জানিয়ে থেমে থাকেননি অতুল। আন্দোলনকারী ছাত্র-যুবদের উদ্দেশে তিনি বলেছেন, নিজেদের অধিকার ও ভবিষ্যতের জন্য যে লড়াই তারা শুরু করেছে, সেটি যেন সততা, সহমর্মিতা এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার মানসিকতায় পরিচালিত হয়। তাঁর বিশ্বাস, দেশের তরুণ প্রজন্মই আগামী দিনে আরও ন্যায়সঙ্গত, মানবিক ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে পারে। তাই তাঁদের এই প্রতিবাদকে তিনি আশার আলো হিসেবেই দেখছেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...