বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন ফেসবুকে লাইভ করে দেখালেন, যে বাড়ির নিরাপত্তা নিয়ে এক সময়ে গোটা রাজ্য পুলিশ তটস্থ থাকত, সেই বাড়ির মূল ফটক এখন সম্পূর্ণ অরক্ষিত। কোনও পুলিশি প্রহরা বা নিরাপত্তারক্ষী ছাড়াই ফাঁকা পড়ে রয়েছে কিয়স্ক। ডেরেকের সেই লাইভ ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ও শোরগোল শুরু হয়ে যায়। চারদিকে একটাই বড় প্রশ্ন উঠতে শুরু করে—তবে কি প্রত্যাহার করে নেওয়া হল প্রাক্তন মুখ্যমন্ত্রীর যাবতীয় সরকারি নিরাপত্তা?
ভিডিওর পাশাপাশি ডেরেক ও’ব্রায়েন অভিযোগ তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী তথা অত্যন্ত বিশ্বস্ত ও দীর্ঘ ২০ বছর ধরে দায়িত্বে থাকা দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) কে বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ হঠাতই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে পুলিশ। ডেরেকের দাবি, এর পর রাত সাড়ে ৯টা নাগাদ মুখ্যমন্ত্রীর দফতরের তরফে এমন কিছু নতুন অফিসারকে সেখানে পাঠানো হয়েছিল, যাঁদের প্রাক্তন মুখ্যমন্ত্রী চেনেন না। এই অচেনা অফিসারদের নিরাপত্তা নিতে অস্বীকার করে তাঁদের সটান ফিরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন এই ঘটনা ঘটছে, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ির ভিতরেই ছিলেন এবং ওই সময় চত্বরে কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে ডেরেকের অভিযোগ। খবর পেয়ে তিনি নিজে সেখানে উপস্থিত হয়ে প্রবেশপথের সামনে অবস্থান নেন।
পুলিশি নিরাপত্তা না থাকা নিয়ে ডেরেক বলেন, “আমরা দু’জন নিরাপত্তারক্ষী রেখেছি। হঠাৎ কেন এই বদল করা হল? ভবানীপুরের নির্বাচন ফলাফল সংক্রান্ত মামলা করেছেন বলে? বুধবার হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিল করেছেন বলে? কী চলছে এখানে?” মেইন গেটে তালা দিয়ে বেরতে দেখা যায় ডেরেক ও ব্রায়েনকে। এমনকি সাদা টেপ দিয়ে সিসি ক্যামেরা ঢেকে ফেলা হয়েছে।
এদিকে প্রায় ২০ বছর ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুরক্ষায় থাকা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের (পিএসও) আচমকা প্রত্যাহারের প্রতিবাদে এবং মমতার নিরাপত্তার দাবিতে কালীঘাটে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের যুব কর্মী-সমর্থকেরা। অগ্রিম নোটিশ না দিয়ে কেন প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূলনেত্রীর নিরাপত্তা দিতে তাঁরাও প্রস্তুত বলে জানান তৃণমূল কংগ্রেসের যুব কর্মী-সমর্থকেরা।
আরও পড়ুন- যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে
_
_

_

_

_

_

_

_

