ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস জুনিয়রের, বাকি একটি গোল ম্যাথিউস কুনহার। দীর্ঘদিন পর এই ম্যাচে ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন নেইমার। গ্রুপ পর্বে একটি ম্যাচ ড্র করে ও দুটি জিতে ৭ পয়েন্ট নিয়ে নক আউটে গেল ব্রাজিল।

ব্রাজিলের জয়ের মধ্যেই চর্চায় একজনই। নেইমার জুনিয়ার( Neymar Jr)। ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না নেইমার( Neymar Jr)। কিন্তু ১৮ জনের দলে ছিলেন , ফলে নেইমরাকে নিয়ে আশা ছিল প্রথম থেকেই। ম্যাচের ৬৫ মিনিটের মাথায় দেখা যায়, বেঞ্চ থেকে বেরিয়ে ওয়ার্ম আপ করতে শুরু করেছেন। তখনই চিৎকার শুরু করে দেন সেলেকাঁও সমর্থকরা। শেষে ৭৬ মিনিটের মাথায় পরিবর্ত হিসাবে মাঠে নামেন নেইমার। তারকা ফুটবলারের নামার অপেক্ষায় মায়ামির স্টেডিয়ামে তখন গগণভেদী চিৎকার।

দ্বিতীয়ার্ধে অবশ্য পারফরম্যান্সের থেকেও ব্রাজিল সমর্থকদের বেশি নজর ছিল নেইমার জুনিয়রের দিকে। দীর্ঘদিন বাদে চোট সারিয়ে হলুদ জার্সিতে প্রত্যাবর্তন করা নেইমার ম্যাচের শেষ দিকে মিনিট কুড়ি খেলার সুযোগ পেলেন। তাঁর খেলায় অবশ্য দেখা গেল না কোনও ঝলক। আহামরি না হলেও চনমনে দেখালো নেইমারকে। নক আউট পর্বে কোচ আনসেলোত্তরির তুরুপের তাস হতে পারেন তিনি , সেটা অবশ্য বুঝিয়ে দিলেন।

শেষ বাঁশি বাজার পরে ক্যামেরায় দেখা গেল আবেগপ্রবণ নেইমারকে। চোখে জল নিয়ে মাঠে দাঁড়িয়ে ছিলেন নেইমার। দু’হাতে চোখ মুছে কান্না ঢাকার চেষ্টা করছিলেন। চোট, ব্যর্থতা, রিহ্যাবের পর এই দিনটার অপেক্ষায় ছিলেন নেইমার। অতীতের সব স্মৃতি যেন একসঙ্গে ভিড় করেছিল তাঁর মনে।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিলের নক আউটের প্রথম ম্যাচ (রাউন্ড অব ৩২) অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন। ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় হিউস্টন স্টেডিয়ামে। গ্রুপ ‘সি’-র চ্যাম্পিয়ন হিসেবে নেইমাররা খেলবে গ্রুপ ‘এফ’-এর রানার্স-আপের বিপক্ষে।

–

–

–
–
