Friday, May 29, 2026

আজ থেকে শুরু কলকাতা লিগ, প্রথম ম‍্যাচে DHFC মুখোমুখি সার্দান

Date:

Share post:

আজ থেকে শুরু কলকাতা লিগ। উদ্বোধনী ম্যাচেই লিগে অভিযান শুরু করছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। তাদের প্রতিপক্ষ সাদার্ন সমিতি। কিশোরভারতী স্টেডিয়ামে নৈশালোকে ম্যাচ। খেলা শুরু সন্ধ্যা সাতটায়। উদ্বোধনী ম্যাচের আগে থাকছে লেজার শো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকলমন্ত্রী সুজিত বসু। থাকতে পারেন মেয়র ফিরহাদ হাকিমও।

কলকাতা লিগের কনিষ্ঠতম দল ডায়মন্ড হারবার। গত মরশুমেই প্রথম তারা প্রথম ডিভিশন ফুটবল লিগে অংশ নেয়। দুর্দান্ত পারফরম্যান্স করে মাত্র এক বছরের মধ্যে প্রিমিয়ার ডিভিশনে খেলার ছাড়পত্র আদায় করে চমক দিয়েছে ডায়মন্ড হারবার। দলের স্প্যানিশ কোচ কিবু ভিকুনাকে এবারও রেখে দিয়েছে ম্যানেজমেন্ট। কিবুর প্রশিক্ষণে গত এক মাসেরও বেশি সময় ধরে লিগের প্রস্তুতি সেরেছে ডায়মন্ড হারবার।


এবার প্রিমিয়ার ‘এ’ এবং ‘বি’ মিলে গিয়েছে। ফলে ২৬ দলের কঠিন লড়াই। ডায়মন্ড হারবার গ্রুপ অফ ডেথে রয়েছে। মোহনবাগান, মহামেডানের মতো ময়দানের অন্যতম দুই প্রধানের বিরুদ্ধে খেলতে হবে তাদের। পাশাপাশি সাদার্ন সমিতি, কালীঘাট মিলন সংঘ, টালিগঞ্জ অগ্রগামী, ইউনাইটেড স্পোর্টসের মতো দলগুলির চ্যালেঞ্জ সামলাতে হবে কিবুর ডায়মন্ড হারবারকে।

রবিবার প্রথম ম্যাচের প্রতিপক্ষ সাদার্নকে নিয়ে প্রচণ্ড সতর্ক কিবু। আই লিগ জয়ী কোচ বলেছেন, ‘‘সাদার্ন লড়াকু দল। প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে। কঠিন লড়াই। তবে আমরা নিজেদের নিয়েই ভাবছি। আমরা আত্মবিশ্বাসী নিজেদের দল নিয়ে। শুধু সাদার্ন নয়, আমাদের গ্রুপ বেশ কঠিন। সব দলের বিরুদ্ধেই আমাদের সেরা ফুটবল খেলার চেষ্টা করতে হবে। তবে ছেলেরা তৈরি নিজেদের সেরাটা দেওয়ার জন্য। প্রস্তুতিও আমাদের ভাল হয়েছে। এবার মাঠে নেমে নিজেদের প্রয়োগ করতে হবে।’’

ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ আরও বলেন, ‘‘এবারের লিগ স্থানীয় ফুটবলারদের কাছে নিজেদের প্রমাণ করার মঞ্চ। কারণ, এবার বিদেশি ফুটবলার নেই। তাই এখান থেকে ভাল মানের ভারতীয় ফুটবলার উঠে আসার সুযোগ রয়েছে। যা আক্ষরিক অর্থে জাতীয় দলের সাপ্লাই লাইন তৈরিতে সাহায্য করবে।’’

প্রথম ম্যাচে চোটের কারণে ডিফেন্ডার সন্দীপ মান্ডিকে পাচ্ছে না ডায়মন্ড হারবার। বাকিরা সবাই ফিট প্রথম ম্যাচ খেলার জন্য। গতবারের দল থেকে অভিষেক দাস, তুহিন শিকদার, সেখ সলমনদের মতো ফুটবলারদের ধরে রাখার পাশাপাশি মনোতোষ চাকলাদার, রাহুল পাসোয়ান, জেরেমি, জ্যাকবদের মতো কিছু পরীক্ষিত ফুটবলারকে এবার দলে নেওয়া হয়েছে। প্রথমবার প্রিমিয়ারে খেললেও খেতাবি লড়াইয়ে থাকার চ্যালেঞ্জ নিয়েই লিগের লড়াইয়ে নামছে কিবুর দল।

আরও পড়ুন:নেপালকে ২-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত

 

 

Related articles

এবার বিধানসভা থেকে সই না মেলার অভিযোগ! চার তৃণমূল বিধায়কের বাড়ি CID

বিধানসভায় এখনও বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেননি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাঁচ মিনিটের জন্য দেখা করার সময়...

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...