Saturday, May 16, 2026

কমলিনীর প্রথম আধুনিক গানে একজোট হলেন জয়-শ্রীজাত

Date:

Share post:

এই প্রথম আধুনিক বাংলা গানে একজোট হলেন কমলিনী মুখোপাধ্যায়, জয় সরকার, শ্রীজাত। রবীন্দ্রনাথের গানেই নিজের পরিচিতি তৈরি করেছেন। স্বকীয় গায়কী দেশে, বিদেশে শ্রোতাদের মন জয় করে এসেছে ১৫ বছরের বেশি সময় ধরে। আর,নিজের কথায় গান শোনাবার তাগিদেই মৌলিক গানের সম্ভার কমলিনীর।

‘সময় আছে কি নেই ‘, এই গানে প্রথমবারের মতো এক হলেন কবি-গীতিকার শ্রীজাত, সুরকার জয় সরকার এবং কমলিনী। গান প্রকাশ অনুষ্ঠানে চ্যাপ্টার টু, সাদার্ন অ্যাভেনিউতে উপস্থিত ছিলেন কমলিনী মুখোপাধ্যায় ,জয় সরকার, শ্রীজাত,লোপামুদ্রা মিত্র, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখ। পরিচালনা করেন রূপশা দাশগুপ্ত। কমলিনী মুখোপাধ্যায় অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটি এদিন প্রকাশ পায়।

মানুষ যখন পরিযায়ী হয়, তার ছায়া পড়ে না মাটিতে। এক ঠিকানা থেকে অন্য বাড়ি পর্যন্ত পথ সে সেলাই করে নীরবতার সুতোয়। সে-ই তার যাতায়াত। কখনও সে আঁকড়ে ধরতে চায় নিজের শিকড়, কখনও সে বেঁচে থাকে আগামীর ডাকে। আর এই দোলাচলের মাঝবরাবর তৈরি হয় তার ভাষা, তার সুর। তৈরি হয় পরিযায়ীর গান।

যেমন গানের জন্য আমরা চিনি কমলিনীকে, তার চেয়ে অনেকখানি সরে এসে গানের মধ্য দিয়ে নিজের ছবিই এবার আঁকতে চেয়েছেন তিনি। কমলিনী মুখোপাধ্যায়ের এই নতুন গানে কথার জালে বুনেছেন শ্রীজাত, সুর সাজিয়েছেন জয় সরকার।
শুধুমাত্র কাজের খাতিরে নয়, বন্ধুত্বের বারান্দায় এসে পড়া বিকেলের রোদ ছিল বলেই এ-গান অন্যরকম। এ-গান সকলের হয়েও ব্যক্তিগত। যা বলে উঠতে চায় কমলিনীর বেঁচে থাকার কথা, দু’মহাদেশ আর এক সমুদ্রের মাঝখানে।

পড়াশোনাই ছিল কমলিনীর পারিবারিক পরিচয়। সে-ক্ষেত্রে নিজের স্বাক্ষর রেখেও কমলিনী বেছে নিয়েছেন গানের জীবন। যুক্তরাজ্য ও ইতালিতে প্রথাগত বিদ্যার্জনের পর এখন তিনি দুই মহানগরীর বাসিন্দা। একদিকে নিউ ইয়র্ক সিটি, অন্যদিকে কলকাতা। এই দূরত্বের আড়ালে যে-নৈকট্য, দু’পাশে ধরে রাখা দু’রকম আয়নায় একই মুখচ্ছবির যে-প্রতিফলন, ভালবাসার টানাপোড়েন আর আসা-যাওয়ার দাগ দিয়ে ঘেরা যে-উঠোন, কমলিনীকে তা বরাবরই ভাবিয়েছে। তাই দীর্ঘ পনেরো বছর রবীন্দ্রনাথের গানের পর এই প্রথম কমলিনীর নিজের গান, নিজের জন্য গান। যা তার কথা বলতে চায়, হয়তো আরও অনেকের কথাও।

কমলিনী বললেন, ” রবীন্দ্রনাথের গান চিরকাল আমার প্রাণের সখা। ছোট বেলা থেকেই ওঁনার গানে আমি জীবনের সব রকমের উপলব্ধি, অভিব্যাক্তি খুঁজে পাই। এবারের গানটা আমার নিজের জীবনের গান।সেটা আমার কথা ভেবেই কথা-সুরের মায়াজাল বোনা হয়েছে। আমি সেই সব উপলব্ধিকে গান দিয়ে বেঁধেছি। ”

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...