ফিফা কাউন্সিল মিটিংয়ে উরুগুয়ের ফুটবল ফেডারেশনের প্রধান ইগনাসিও আলোনসো বিশ্বকাপে আরও দল বাড়ানোর প্রস্তাব দেন।২০৩০ বিশ্বকাপে ৬৪ দল করার প্রস্তাব দেন তিনি। যদিও উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিনের বক্তব্য, ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল করার প্রস্তাবটা ‘অত্যন্ত খারাপ প্রস্তাব’। এমনিতেই ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে। এই আসর হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, তারা এই প্রস্তাব নিয়ে ভাববে। কিন্তু উয়েফা সভাপতি সেফেরিন এই প্রস্তাবের বিরোধিতা করেন। বেলগ্রেডে উয়েফা কংগ্রেসে তিনি তার অবস্থান স্পষ্ট করেন।
তিনি বলেন, ‘এটা আমার কাছে আপনাদের থেকেও বেশি বিস্ময়কর। আমি মনে করি এটা বাজে প্রস্তাব।’

শুধুমাত্র উরুগুয়ের ওই প্রতিনিধিই নন, স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ২০৩০ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের পক্ষে মত দিয়েছেন। বিষয়টি নিয়ে তার যুক্তি, প্রতিযোগিতার পরিধি বিস্তৃত হলে ফিফা আর্থিকভাবে বেশি লাভবান হবে। পাশাপাশি বিশ্বব্যাপী খেলার উন্নয়নেও দলের সংখ্যা বাড়ানো দরকার।

২০২৬ এর পর আসর বসবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। সেই আসরেই ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।২০৩০ বিশ্বকাপ আয়োজনের জটিলতা নিয়ে এমনিতেই আলোচনা হচ্ছে। তিনটি ভিন্ন মহাদেশে আয়োজিত হবে এই বিশ্বকাপ। মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরোক্কা হলেও সে বছর বিশ্বকাপের শতবছর পূর্তি উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে খেলা হবে একটি করে ম্যাচ।

সেফেরিন সন্দেহ প্রকাশ করে বলেন, ‘এটা অদ্ভুত যে ফিফা কাউন্সিলে এই প্রস্তাব ওঠার আগে আমরা এ নিয়ে কিছুই জানতাম না। আমি জানি না, এটার উৎস কী।’

–

–

–
–
–
–
–

