বাঁকুড়ার পাত্রসায়রের (Patrasayar, Bankura) বর্গাশোলের জঙ্গলে ভয়াবহ আগুন। নিমেষের মধ্যে পুড়ে ছাই প্রায় দু কিলোমিটার এলাকা। দমকল পৌঁছনোর আগেই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। দিন দুই আগেই পাশের এক জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এলাকাবাসীর অভিযোগ ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে। প্রচুর গাছপালা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বন দফতরের (Forest Department of West Bengal)তরফে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
গরমের মরশুম শুরু হতে না হতেই জঙ্গলে আগুন লাগার ঘটনা বেড়েছে। সম্প্রতি বাঁকুড়ার শুশুনিয়া, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ও লাগোয়া ব্লকগুলির জঙ্গলে আগুনের ঘটনা সবচেয়ে বেশি নজরে এসেছে বনকর্তাদের।চলতি বছরে ইতিমধ্যে ৩১টি জঙ্গলে আগুন ধরেছে। এদিনও আগুন লাগে বর্গাশোলের জঙ্গলে। উদ্বিগ্ন বন দফতর এবার আগুনের হাত থেকে জঙ্গল ও বন্যপ্রাণ বাঁচাতে সচেতনতা প্রচার কর্মসূচি শুরু করেছে।ছৌ শিল্পীদের নিয়ে বিভিন্ন পথনাটিকা এবং নৃত্যানুষ্ঠানের মাধ্যমে জঙ্গলে আগুন নিয়ে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে।

–

–

–

–

–

–
–
–
–

