Thursday, February 12, 2026

রেডিওটা আছড়ে ভাঙলেন রাজীব গান্ধী…

Date:

Share post:


মানস ভুঁইঞা
কাঁথি ময়দান তখন উপচে পড়েছে। মিটিং চলছে। হঠাৎ অবিভক্ত মেদিনীপুরের জেলাশাসক ছুটতে ছুটতে এসে রাজীবজির হাতে একটা চিরকুট দিলেন। দেখলাম, ওনার চোয়াল শক্ত হয়ে গিয়েছে…

তার আগের কথা বলি। আমি তখন অবিভক্ত মেদিনীপুর (Midnapur) জেলার সাধারণ সম্পাদক। ওই সময়ে রাজীব গান্ধী (Rajiv Gandhi) পাইলটের চাকরি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন, হয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিদ্ধান্ত নিয়েছিলেন, গাড়ি করে ঘুরে ভারত দর্শন করবেন। দেশকে চিনবেন। তারই অঙ্গ হিসেবে সিদ্ধান্ত নিলেন, অবিভক্ত মেদিনীপুরে আটটি মিটিং করবেন। ৩০ অক্টোবর মেদিনীপুর কলেজিয়েট মাঠ, বিকেলে কেশিয়ারই স্কুল মাঠ, সন্ধের আগে এগরা বাসস্ট্যান্ড এবং রামনগরে একটি মিটিং। রাতে আমরা রইলাম দিঘার ইরিগেশন বাংলোয়। আমরা বলতে, প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukharjee), গণিখান চৌধুরী, সুব্রত মুখোপাধ্যায়, সোমেন মিত্র (Somen Mitra), প্রিয়রঞ্জন দাশমুন্সি-সহ বাংলার নেতৃত্ব। এবং অবশ্যই ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

খেতে খেতে রাত গড়িয়ে দেড়টা। ৩১ অক্টোবর ১৯৮৪ র সকাল। ঘুম থেকে উঠে তৈরি হচ্ছেন রাজীব গান্ধী। তার আগের দিন অর্থাৎ ৩০ অক্টোবর ভুবনেশ্বরের (Bhubaneswar) একটি মিটিং-এ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Prime Minister Indira Gandhi) মর্মস্পর্শী একটি বক্তৃতা দিলেন। বলেছিলেন, বুঝতে পারছি, আমার ওপর আক্রমণ হতে পারে। আমার জীবনহানি হতে পারে। কিন্তু বিশ্বাস করি, ভারতকে শেষ করা যাবে না। আমার শরীরের বিন্দু বিন্দু রক্ত দিয়ে ভারতকে রক্ষা করে যাব। ৩১-এর সকালে রাজীব গান্ধী (Rajiv Gandhi) সাংবাদিক সম্মেলন করলেন। তারপর রামনগর পুলিশ মাঠে গেলেন। দ্বিতীয় মিটিং কাঁথি ময়দান। আমরা সঞ্চালনা করছিলাম। আশপাশের এলাকার নেতৃবৃন্দ ছিলেন। প্রায় এক লক্ষ মানুষের সমাবেশ। হঠাৎ দেখছি, মেদিনীপুরের ডিএম সুমন্ত্র চৌধুরী, এস পি, এস আই এস আহমেদ ছুটতে ছুটতে মঞ্চে উঠে এলেন। রাজীব গান্ধীর হাতে একটা চিরকুট দিলেন। চিরকুট দেখেই চোয়াল শক্ত হয়ে গেল। উঠে দাঁড়ালেন। আমাকে বললেন, “ইউ কন্টিনিউ দ্য মিটিং, আই হাভ টু রাশ টু দিল্লি! দেয়ার ইজ আ সিরিয়াস ডেভলপমেন্ট। আপনাকে ছাড়া মিটিং করব কী করে। আমরা তো মারা যাব! উনি বললেন, না তোমরা কন্টিনিউ করো। কিন্তু আমরা মিটিং বন্ধ করে দিলাম।“ ডায়াস থেকে নামলেন। রাজীবজির নিজের গাড়িটা তখন কী কারণে যেন কোলাঘাটে গিয়েছিল। সামনে গাড়ি বলতে বরকত সাহেবের মার্সিডিজ। উনি সামনের সিটে বসলেন উনি। পিছনে গণিখান চৌধুরী ও প্রণব মুখোপাধ্যায়। পিছনে একটা সবুজ অ্যাম্বাসাডার ছিল। ওটায় বসলাম আমি, সুব্রত মুখোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি ছুটছে।

খেড়িয়া ও বাজকুলের মাঝখানে রাজীবজির গাড়িটা থামল। আমরাও থামলাম। নয়ানজুলিতে গ্রামের ছেলেরা তখন মাছ ধরছে। রাজীব গান্ধীর হাতে একটা ছোট রেডিও ছিল। সেটা চালালেন। খবর বলছে, দিল্লিতে নিজের বাসভবনেই গুলিতে মৃত্যু হয়েছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। রাজীব গান্ধী প্রবল রাগে রেডিওটা আছড়ে ভাঙলেন। কাঁদছেন রাজীব গান্ধী। আর বলছেন, “কিতনা বার মাম্মি কো কাহা থা, ইস সিকিউরিটি কো বদল ডালো। মাম্মি নেহি শুনা। উনহোনে কাহা, আরে ম্যায় প্রাইম মিনিস্টার হু ইন্ডিয়া কি, কৌন শিখ হ্যায়, কৌন হিন্দু হ্যায়, কৌন মুসলিম হ্যায় ইয়ে সব হাম বিচার করেঙ্গে! মাম্মি নেহি শুনা। দেখো আজ কেয়া হো গয়া…”  কাঁদছেন।

প্রণব মুখোপাধ্যায় ডিএম সুমন্ত্র মুখোপাধ্যায়কে বললেন, “হেলিকপ্টার বুলাও কলাইকুন্ডা থেকে।“ কোলাঘাটের আইওসি মাঠে হেলিকপ্টার এল। আমরাও পৌঁছে গিয়েছি। হেলিকপ্টারে রাজীবজির সঙ্গে চাপলেন বরকত সাহেব ও প্রণব বাবু। দমদমে নেমে স্পেশাল ফ্লাইটে দিল্লি গেলেন। সন্ধ্যায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে আমরা গেলাম দিল্লিতে। দিল্লি (Delhi) তখন এয়ারপোর্ট থেকে তিনমূর্তি ভবন পৌঁছতে লাগল ঘণ্টা পাঁচেক। গিয়ে দেখলাম নিথর দেহ, শুয়ে রয়েছেন ইন্দিরাজি।

spot_img

Related articles

উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না! লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক

বাজেট বক্তৃতার জবাবী যে সব বক্তৃতা বিরোধী সাংসদরা দিয়েছেন, তার মধ্যে সব থেকে বেশি বিজেপির কেন্দ্রীয় সরকারকে যে...

বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের

বিজেপি বাঙালিদের প্রতি অতি শ্রদ্ধাশীল, আচমকাই দেশজুড়ে তা প্রমাণে মরিয়া মোদি সরকার। তা করতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির...

হিংসাত্মক আচরণ করলেই পরীক্ষা বাতিল, অ্যাডমিট কাড়বে সংসদ: কড়া নজরদারি উচ্চ মাধ্যমিকে 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষাক্ষেত্রে বড় বদল ঘটিয়ে এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা...

কোথায় বিচার: প্রধান বিচারপতির দ্বারস্থ আরজিকর নির্যাতিতার বাবা-মা

শিয়ালদহ কোর্ট থেকে হাই কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের সফরও সেরে ফেলেছেন। আরজিকরের নির্যাতিতার বাবা-মা। এখনও বিচারের আশায় হাই...