Friday, June 19, 2026

এজেন্সিতে কাজ না হওয়ায় এবার রাষ্ট্রপতিকে হাতিয়ার! মমতার পাশে দাঁড়িয়ে মোদির বিরুদ্ধে সরব কংগ্রেস-সহ বিরোধীরা

Date:

Share post:

ইডি-সিবিআই বা আয়কর দফতরের মতো ‘অস্ত্র’ প্রয়োগ করেও বাংলায় রাজনৈতিক ফায়দা তুলতে না পেরে ভোটের আগে খোদ রাষ্ট্রপতিকে ময়দানে নামিয়ে দিয়েছে বিজেপি। শিলিগুড়িতে রাষ্ট্রপতিকে ‘অসম্মান’ করার যে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুর চড়িয়েছিলেন, তাকে কার্যত ‘বিজেপির সাজানো চিত্রনাট্য’ বলে দাগিয়ে দিয়েছে তৃণমূল। তবে এই ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে একযোগে তোপ দাগল কংগ্রেস এবং ডিএমকে-র মতো দেশের প্রধান বিরোধী দলগুলি।

শনিবার শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি আক্ষেপ করেছিলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে স্বাগত জানাতে আসেননি। রাষ্ট্রপতির সেই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামেন প্রধানমন্ত্রী। পাল্টা আক্রমণে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-র মুখপাত্র সারাভানা আন্নাদুরাই প্রশ্ন তুলেছেন, “রাষ্ট্রপতি কবে থেকে বাংলায় বিজেপির প্রতিনিধি হয়ে উঠলেন? এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনাই প্রমাণ করে বিজেপি আসলে কতখানি মরিয়া হয়ে উঠেছে।”

রাষ্ট্রপতির মন্তব্যের তীব্র বিরোধীতা করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এক্স হ্যান্ডেলে লেখেন, “আমার ৫৯ বছরের রাজনৈতিক জীবনে এমন ঘটনা আগে কখনও দেখিনি, যেখানে নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন একটি বেসরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে অভিযোগের সত্যতা যাচাই না করেই স্বয়ং মাননীয় রাষ্ট্রপতি একটি নির্বাচিত রাজ্য সরকারের প্রকাশ্যে সমালোচনা করছেন। ধিক্কার!” তৃণমূল সাংসদের সেই পোস্ট শেয়ার করে বিজেপির এই কৌশলের কড়া নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশও।

প্রসঙ্গত, শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিকে হাতিয়ার করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  ‘নোংরা রাজনীতি’র কড়া ভাষায় জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি লিখেছেন, “বেসরকারি সংস্থা আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল শিলিগুড়িতে তাঁদের সম্মেলনে মাননীয়া রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে এই অনুষ্ঠানের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। এই বিষয়ে জেলা প্রশাসনের তরফে রাষ্ট্রপতি সচিবালয়কে লিখিতভাবে অবহিত করা হয় এবং ফোনেও বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির সচিবালয়ের আধিকারিকরা গত ৫ মার্চ সভাস্থল পরিদর্শন করেন। সেখানেও তাঁদের এই বিষয়ে জানানো হয়। তারপরও এই কর্মসূচি নির্ধারিত দিনে বহাল রাখা হয়।”

পাল্টা আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “সম্মানীয় রাষ্ট্রপতি শিলিগুড়িতে পা রাখার পর প্রোটোকল মেনেই সেখানে যান শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনার। প্রথা মেনেই রাষ্ট্রপতিকে অভ্যর্থনা ও বিদায় জানানো হয়। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর তরফে স্বাগত জানানো বা মঞ্চে থাকার কোনও পরিকল্পনাই ছিল না। জেলা প্রশাসন সেখানে উপস্থিত থাকায় প্রোটোকল ভাঙার প্রশ্নই ওঠে না।” এরপরই সুর চড়িয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী লেখেন, “বিজেপি নিজেদের দলীয় স্বার্থে দেশের সর্বোচ্চ পদকে অসম্মান ও অপব্যবহার করছে। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

আরও পড়ুন- সর্বোচ্চ পদ নিয়ে ‘কাদা ছোড়াছুড়ি’ বিজেপির! তথ্য দিয়ে মোদির অভিযোগ ওড়ালেন মমতা

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...