রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর সন্ন্যাসের ইঙ্গিত, বুধবার বিকেলেই তা বদলে গেল স্নেহ আর রাজনৈতিক অভিভাবকত্বের আবহে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ তিনবারের বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে দেখা করতে বুধবার তাঁর প্রিয়নগরের বাড়িতে যান চুঁচুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠকের পর বেরিয়ে আসা দেবাংশুর গলায় শোনা গেল প্রবীণের প্রতি শ্রদ্ধার সুর, আর অসিত মজুমদারের কণ্ঠে দলের প্রতি দায়বদ্ধতা।

মঙ্গলবার দলের প্রার্থী তালিকায় নাম না থাকায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন বর্ষীয়ান নেতা অসিত মজুমদার। এমনকি রাজনীতি থেকে বিদায় নেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। অমতাবস্থায় বুধবার অসিত মজুমদারের বাড়িতে আসেন খোদ চুঁচুড়ার প্রার্থী দেবাংশু। প্রবীণ বিধায়কের পা ছুঁয়ে আশীর্বাদ নেন তরুণ প্রার্থী। পরে দেবাংশু সাংবাদিকদের জানান, “অসিতদার সঙ্গে পুরনো পরিচয়। আমন্ত্রণে এসেছি। বৈঠক করেছি। স্বাভাবিকভাবে তাঁর সঙ্গে রাজনৈতিক কথাই হবে। কীভাবে চলা উচিত। কীভাবে প্রচার করা উচিত সেই সাজেশন নিয়েছি। তিনি হাতের তালুর মতো চুঁচুড়াকে চেনেন। আর কেউ সেভাবে চেনেন না। দাদার থেকে সাজেশন নিয়েছি। উনি সাজেশন দিয়েছেন। আমি নোট করেছি। আবার দু’দিন পর আসব। দরকার হলে ডায়েরিতে নোট করে নেব।” দেবাংশু আরও বলেন, “তাঁর রাজনৈতিক প্রজ্ঞাকে প্রণাম করতে আসা। সাজেশন নিতে আসা। আমার তরফ থেকে দাদাকে পাশে থাকার আবেদন করেছি।”

_

_

_

_

_

_

