যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য পেল আরজিকরের মৃত চিকিৎসকের পরিবারের। পানিহাটি (Panihati) থেকে তাঁর নামই প্রার্থী হিসাবে ঘোষণা করল বিজেপি (BJP)। আন্দোলন করে জনপ্রিয়তা অর্জনকারী অভয়ার মাকে দিয়েই উত্তর চব্বিশ পরগণার এই কেন্দ্র জয়ের চেষ্টা বিজেপির। অন্যদিকে, সিবিআই-কে তোপ দাগা অভয়ার পরিবার সেই সিবিআই-এর নিয়ন্ত্রক বিজেপিতেই আস্থা রাখলেন। যদিও ধর্ষণ ও খুনের ঘটনায় অভয়ার মার নাম ও পরিচয় প্রকাশ্যে এনে নির্বাচনে লড়াই কতটা আইনত সঙ্গত হবে, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

২৯৪ আসনের প্রার্থী তালিকা (BJP candidate list) প্রকাশ করতে মঙ্গলবার থেকে দিল্লি থেকে একাধিক নেতা বাংলায় পাঠানো হয়েছে। কলকাতায় এসে একের পর এক বৈঠক করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। তাতেও বুধবার বিজেপির সল্টলেক সদর দফতরে বিক্ষোভে সামিল বিজেপির জেলার কর্মীরা। ইস্যু সেই প্রার্থী অসন্তোষ। ফলে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের (Bhupendra Yadav) উপস্থিতিতেও মাত্র ১৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল বিজেপি। এখনও অন্তত ২০ আসনের প্রার্থী (BJP candidate) ঘোষণাই করতে পারল না কেন্দ্রের ক্ষমতাসীন শাসক দল।

তবে আর জি করের নিহত চিকিৎসকের মায়ের প্রত্যাশা পূরণ করেছেন বিজেপির নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব নিজে বুধবার বিলাস বহুল হোটেল থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করলেন, তাতে নাম রয়েছে তাঁরও। যেভাবে আন্দোলনের নামে এক এক সময় এক একটি রাজনৈতিক দলের নেতাদের শিখণ্ডি করে বিচারের দাবি জানিয়েছিল অভয়ার পরিবার, এবার সেই দাবি বাস্তবে রাজনৈতিক রঙ পেল। বিরোধী দলনেতা যে বলেছিলেন, অভয়ার পরিবার বিজেপির সদস্য হয়েছেন, তার সত্যতাও প্রমাণিত হল। তবে এমন একটি দলের প্রার্থী হয়ে তিনি লড়ছেন, যাঁদের অধীনে সিবিআই (CBI) – যে সিবিআই তাঁর মেয়েকে বিচার দিতে পারেনি বলে দাবি করেছেন তিনি।

বিজেপি যখন পানিহাটির (Panihati) প্রার্থী (BJP candidate) ঘোষণা করল তাতে এতটাই দেরি হল যে রাজ্যের শাসকদল তো বটেই, শূন্যে থাকা বামেরাও প্রার্থী ঘোষণা করে ফেলেছে। সেখানে বামেদের প্রার্থী আর জি কর আন্দোলনে হুমকি ফোন কলে অভিযুক্ত কলতান দাশগুপ্ত। তৃণমূলের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। স্পষ্টতই, বামেরাও এই কেন্দ্রে উন্নয়নের নিরিখে নয়, যে আর জি কর ইস্যুতে সুড়সুড়ি দেওয়া রাজনীতি করতে চাইছে তা স্পষ্ট। একই পথের পথিক বিজেপিও।

আরও পড়ুন : ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

বিজেপি অভয়ার মায়ের প্রত্যাশা পূরণ করলেও তিনি ভোটে কতটা লড়তে পারবেন, তা নিয়ে যদিও প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী নির্যাতিতার পরিচয় গোপণ রাখতে তাঁর পরিবার বিশেষত বাবা-মায়ের পরিচয় প্রকাশ্যে আনার কথা নয়। অথচ বিজেপির প্রকাশিত তালিকায় জ্বল জ্বল করছে অভয়ার মায়ের নাম। সেক্ষেত্রে তাঁর মনোনয়ন সম্পন্ন হলে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

–

–

–

–
