এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন মোহন-সমর্থকরা। সেই স্মৃতি মনে রেখে সতর্ক দুই শিবির। আসন্ন আইএসএল ম্যাচে জামশেদপুরে (Jamshedpur) মোহনবাগান সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল আয়োজকরা। আর কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এবার আলাদা স্ট্যান্ডে (stand) বসার ব্যবস্থা করা হচ্ছে সবুজ-মেরুন সমর্থকদের (Mohunbagan supporter) — যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে ফুটবলমহলে। বাংলায় নির্বাচন আবহে নতুন করে কোনও অশান্তি চাইছে না আইএসএল (ISL) ও জামসেদপুর স্টেডিয়াম কর্তৃপক্ষ।

গত বছর ৪ এপ্রিল জামশেদপুরে মোহনবাগান-জামসেদপুরের খেলা দেখতে গিয়ে হামলার শিকার হতে হয়েছিল একদল মোহনবাগান সমর্থককে। বাঙালি বলে তাঁদের অপমান করার পাশাপাশি কুরুচিকর মন্তব্য এমনকি মারধর করা হয় বাংলা থেকে যাওয়া সমর্থকদের। আক্রান্ত হন বনগাঁর রিপন মণ্ডল, সৌরভ সরকার ও শিলাজিৎ দাসের মতো একাধিক সমর্থক। সংঘর্ষে কয়েকজনকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়। গোটা দেশে বাংলা বিরোধী যে হামলার ঘটনা সেই সময়ে প্রকট ছিল, তার ছায়া পড়েছিল আইএসএল-এ।

এক বছর পরে ৪ এপ্রিল ফের মুখোমুখি হতে চলেছে দুই দল। মোহনবাগান (Mohunbagan) ম্যানেজমেন্ট আগেই জামশেদপুর এফসি (Jamshedpur FC) কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল, তাঁদের সমর্থকদের জন্য আলাদা গ্যালারির ব্যবস্থা করতে। সেই অনুরোধ মেনে প্রায় চার হাজার আসন বিশিষ্ট একটি আপার স্ট্যান্ড নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সবুজ-মেরুন সমর্থকদের জন্য। এই নির্দিষ্ট স্ট্যান্ডে ঢুকতে হলে মোহনবাগান সমর্থকদের মেন গেট ব্যবহার করতে হবে। পাশাপাশি, জামশেদপুর এফসি’র তরফে একটি কঠোর আচরণ বিধি লাগু করা হচ্ছে, যা মেনে চলা বাধ্যতামূলক থাকবে সব সমর্থকের জন্য। টিকিট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে ‘ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো’ অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে সমর্থকদের।

আরও পড়ুন : প্রয়াত ‘মোহনবাগান দিদা’: ক্লাব তাবুতে চোখের জলে শেষ শ্রদ্ধা

লিগ টেবিলের লড়াইটা এখন যথেষ্ট জমজমাট। দুই দলই ছয় ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে, তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। ঠিক তার পরেই তৃতীয় স্থানে জামশেদপুর এফসি। ফলে আগামী ম্যাচ যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তা বলাই বাহুল্য। এদিকে ম্যাচের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন মোহনবাগান ফুটবলাররা। তবে শুক্রবার অনুশীলনে দেখা যায়নি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় জেমি ম্যাকলারেনকে, যা নিয়ে সামান্য চিন্তায় কোচিং স্টাফ।

–

–

–

–

–
