আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল রাজ্য সরকার। নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে কোনও কর্মী অসুস্থ হলে বা দুর্ঘটনার কবলে পড়লে তাঁর সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করবে রাজ্য। সম্প্রতি স্বরাষ্ট্র দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ ব্যবস্থার কথা জানানো হয়েছে।

নবান্নের নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, শুধুমাত্র সরকারি হাসপাতালের ভরসায় বসে থাকতে হবে না। জরুরি পরিস্থিতিতে ভোটকর্মীরা সরকারি হাসপাতালের পাশাপাশি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও চিকিৎসার সুযোগ পাবেন। নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। মূলত ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’-এর আদলেই এই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে। এমনকি থাকছে ‘ক্যাশলেস’ বা নগদহীন চিকিৎসার ব্যবস্থাও, যাতে আপৎকালীন সময়ে টাকার অভাবে পরিষেবা পেতে দেরি না হয়।

রাজ্য স্বরাষ্ট্র দফতরের এই সিদ্ধান্ত কেবল রাজ্য সরকারি কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য পুলিশ, সশস্ত্র পুলিশ, কলকাতা পুলিশ ও হোমগার্ডরা এই সুবিধা পাবেন। পাশাপাশি রাজ্যের বাইরে থেকে আসা কেন্দ্রীয় বাহিনী (CAPF) এবং ভিন রাজ্যের পুলিশকর্মীরাও একই সুরক্ষাকবচের আওতায় থাকবেন এবং ভোটকর্মী, কারিগরি কর্মী থেকে শুরু করে অস্থায়ীভাবে নিযুক্ত কর্মীরাও এই প্রকল্পের সুবিধা পাবেন।

প্রশাসনিক মহলের মতে, নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞে কয়েক লক্ষ মানুষ রাস্তায় নেমে কাজ করেন। অনেক সময় উত্তপ্ত পরিস্থিতিতে বা প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে। সেই ঝুঁকি মাথায় রেখেই কর্মীদের মনোবল চাঙ্গা করতে এই পদক্ষেপ। স্বরাষ্ট্র দফতরের এক আধিকারিক জানান, “মাঠে নেমে যাঁরা গণতন্ত্রের উৎসব রক্ষা করছেন, তাঁদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।”

আরও পড়ুন- অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

_

_

_

_

_
_
